২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন বন্ধের ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী এবং অর্থনৈতিক সমস্যার কারণে অভিবাসনের সুযোগ আপাতত বন্ধের সিদ্ধান্ত জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 10:43 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

তার এ পদক্ষেপের পক্ষে-বিপক্ষে প্রবল প্রতিক্রিয়া এসেছে। ডেমোক্র্যাটরা ট্রাম্পকে তুলোধুনো করেছেন। অন্যদিকে, তাকে দৃঢ় সমর্থন দিয়েছেন রিপাবলিকানরা।

সোমবার এক টুইটে ট্রাম্প অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই করার কথা ঘোষণা করেন। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত বলে যুক্তি দেন তিনি।

ডেমোক্র্যাটরা এর তুমুল সমালোচনা করে বলেছেন, মহামারী ঠিকমত সামলাতে না পেরে ট্রাম্প এখন দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছেন।

ভার্জিনিয়ার এক কংগ্রেস সদস্য টুইটে বলেছেন, “ ট্রাম্প নিজের ব্যর্থতা ঢাকতে দোষারোপের জন্য শুরু থেকেই কাউকে না কাউকে বিদ্ধ করার চেষ্টায় আছেন। ওবামা, গভর্নরদের, চীন, স্পিকার পেলোসি কিংবা এশিয়ান বংশোদ্ভূত মানুষদেরকে।”

“অভিবাসন প্রায় বন্ধই হয়ে গেছে। অথচ যুক্তরাষ্ট্রে এখন বিশ্বের যে কোনো দেশের চেয়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি,” বলেন ওই কংগ্রেস সদস্য।

নিউ ইয়র্কের আরেক কংগ্রেস সদস্য জেরি নাডলার বলেন, “অভিবাসীদের ওপর দোষ চাপিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখন কোভিড-১৯ মোকাবেলার ব্যর্থতা থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছেন। আসল সত্যটা হচ্ছে, বহু অভিবাসীই এই সময়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী হিসাবে সামনের সারিতে থেকে আমাদের সুরক্ষা দিচ্ছে। ফার্মে এবং রেস্টুরেন্ট কর্মী হিসাবেও তারা কাজ করছে।”

যুক্তরাষ্ট্রে এবছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার পথে এগিয়ে থাকা ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন বলেন, “প্রেসিডেন্টের উচিত অন্যকে দোষারোপ করা বন্ধ করে কাজ করে যাওয়া।”

মহামারীর এ সঙ্কটকে কাজে লাগিয়ে ট্রাম্প অভিবাসন-বিরোধী নীতি বাস্তবায়ন করছেন বলে সমালোচনা করেছেন অন্যান্য আরো কয়েকজন ডেমোক্র্যাট। তাদের কথায়, করোনাভাইরাসের ঝুঁকি কমাতে করণীয় অনেক কিছুই না করে ট্রাম্প বরং তার বর্ণবাদী, অভিবাসন-বিরোধী কৌশল অবলম্বন করছেন।

ট্রাম্পকে নিয়ে সমালোচনার এ ঝড়ের মধ্যে তার নেওয়া পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করে ঠিক বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছে রিপাবলিকানরা।

অ্যারিজোনার কংগ্রেস সদস্য পল গোসার বলেছেন, “প্রতিটি আমেরিকান কাজ না পাওয়া পর্যন্ত অভিবাসন বন্ধ রাখা উচিত।”

ওদিকে, মার্কিন পররাষ্ট্রদপ্তরের উপদেষ্টা ম্যাট মোয়ারসও ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, “অর্থনীতিকে সচল করার পথে আমাদের আমেরিকানদের স্বার্থকেই সর্বাগ্রে রাখা প্রয়োজন।”