হংকংয়ে নেই নতুন কোনো কোভিড-১৯ রোগী
হংকংয়ে মার্চের শুরুর দিকের পর এই প্রথম নতুন করে কেউ কোভিড-১৯ আক্রান্ত হননি বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সোমবার একজনও রোগী শনাক্ত হয়নি হংকংয়ে। তারপরও অধিবাসীদের কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
বিশ্বে অন্যান্য দেশে যত দ্রুত করোনাভাইরাস সংক্রমণ অনেক বেশি ছড়িয়ে পড়তে দেখা গেছে, হংকংয়ে তেমনটি দেখা যায়নি।
জানুয়ারিতে হংকংয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর আক্রান্ত হয়েছে মোট ১,০২৫ জন এবং মারা গেছে ৪ জন। গত ৫ মার্চেও সেখানে শনাক্ত হয়নি কোনো রোগী।
হংকংয়ে সব স্কুল এখনো বন্ধ রয়েছে, লোকজন বাসা থেকে কাজ করছে, শপিং মল, রেস্তোঁরাগুলোও ফাঁকা। যদিও সেখানে লন্ডন এবং নিউ ইয়র্কের মতো পুরো লকডাউনের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
কিন্তু হংকংবাসীরা সবাই মাস্ক পরছে, অফিস ভবন, বাণিজ্যিক কেন্দ্র এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে মানুষের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।
গত ২৯ মার্চ থেকেই হংকংয়ে ৪ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ রয়েছে এবং এর সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোও হয়েছে। বন্ধ রয়েছে জিম, সিনেমাহল এবং বিনোদোনের সব জায়গা। বিমান চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
