২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শূন্য’ দেখে এমন উদযাপন!

তাইপের গ্র্যান্ড হোটেল পর্যটকরা এক নামে চেনে। হোটেলটিতে কক্ষ আছে ৫০৩টি, কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ ৫৭টিতে আলো জ্বালিয়ে বাকিগুলোকে অন্ধকারে রেখে অদ্ভুত এক পরিস্থিতি তৈরি করা হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 01:22 AM

Updated : 18 Aug 2022, 02:52 PM

হোটেল কর্তৃপক্ষের এই অদ্ভুত কাণ্ডের কারণে বাইরে থেকে যে কেউ তাকালে দেখতে পাচ্ছিল ‘জিরো’ (শূন্য) লেখাটির অবয়ব ফুটে উঠেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর এড়ায়নি।

শূন্য নিয়ে তাদের এই অস্বাভাবিক উচ্ছ্বাসের কারণ জানলে সবার এই কাণ্ডকীর্তি স্বাভাবিকই মনে হবে।

তাদের এই উচ্ছ্বাসের কারণ হল, এদিন পরীক্ষা করেও তাইওয়ানে নভেল করোনাভাইরাসের নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

৩৬ দিন পর এই প্রথম তাইওয়ানবাসী একটি দিন দেখল, যেদিন কোভিড-১৯ রোগী বৃদ্ধির সংখ্যাটি হল শূন্য। সেই কারণেই শূন্য নিয়ে এত মাতামাতি তাদের।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন সিহ-চুং বলেছেন, “গত ৯ মার্চের পর এই প্রথম আমি আনন্দ নিয়ে বলতে পারছি, আমরা নতুন রোগী পাইনি।”

এটা খুশির খবর হলেও সতর্কতায় একটুও ঢিল না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় যখন বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, তখন চীনের অঙ্গ রাষ্ট্র তাইওয়ানে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৯৩।

২ কোটি ৩০ লাখ মানুষের ভূখণ্ড তাইওয়ানে এই পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ছয়জন।

চীন থেকে ছড়িয়ে বিশ্বে যখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে, তখন তাইওয়ানের সাফল্যের প্রশংসা ঝরছে গবেষকদের কাছে।