কার্যকর পদক্ষেপ না নিলে জাপানে ‘৪ লাখের বেশি মৃত্যু’
জাপানে সংক্রমণ মোকাবেলায় শিগগিরই কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে করোনাভাইরাসে ৪ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কোভিড-১৯ সংক্রান্ত টাস্ক ফোর্স।
আক্রান্তদের মধ্যে সাড়ে ৮ লাখ মানুষের ভেন্টিলেটরের প্রয়োজন পড়তে পারে বলেও ধারণা দিয়েছে তারা।
বুধবার এক সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের সদস্য ও হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নিশিওরা বলেন, “সরকার জনগণের মধ্যে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারলে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ঠেকিয়ে রাখা যাবে না।”
“আমরা চাই না মানুষ এভাবে মারা যাক। যদি এখনই সাবধান না হই, তাহলে সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে।”
জাপানে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা অন্য দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় করোনাভাইরাস ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
দেশটির জনসংখ্যার ২৬ দশমিক ৭ শতাংশেরই বয়স ৬৫ বছরের বেশি। শতবর্ষী আছেন ৭১ হাজারের উপরে।
সংক্রমণ মোকাবেলায় ৮ এপ্রিল থেকে টোকিও, ওসাকাসহ জাপানের ৭টি প্রদেশে জরুরি অবস্থা জারি হলেও বাস ও রেলস্টেশনে ভিড় কমেনি। অফিস-আদালতও স্বাভাবিক।
সরকার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার অনুরোধ করলেও জাপানের আইনে জরুরি অবস্থা না মানার ক্ষেত্রে জরিমানা কিংবা শাস্তির বিধান না থাকায় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে ছেদ পড়েনি।
টাস্ক ফোর্সের সতর্কবার্তার পর বুধবার জাপান সরকার দেশটির জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। মানুষে মানুষে যোগাযোগ ৭০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের সহায়তাও চেয়েছে তারা।
বুধবার পর্যন্ত জাপানে ৮ হাজার ৮০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যুর সংখ্যাও পৌঁছেছে ২শ’ র কাছাকাছি।
দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের মুখ্য সচিব ইয়োশিহিদা সুগা জানান, সংক্রমণ মোকাবেলায় সরকার আরও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
“তবে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করারই চিন্তা চলছে,” বলেন তিনি।
