২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত্যু ১২ হাজার ছাড়াল

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা ১২,১০৭ জনে দাঁড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2020, 10:05 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

যুক্তরাজ্যজুড়ে হাসপাতালগুলোতে মৃত্যুর হিসাবে মঙ্গলবার মৃতের এ পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সরকারি হিসাবে ৯৩ হাজার ৮৭৩ জন।

তবে মৃত্যুর সংখ্যার ক্ষেত্রে মঙ্গলবার দেশটির ন্যাশনাল স্ট্যাটিসটিকস অর্গানাইজেশন ‘ওএনএস’ হাসপাতালের বাইরে নার্সিং হোম এবং বৃদ্ধনিবাসের মতো জায়গাগুলোতে মানুষের মৃত্যুর আরো বিস্তারিত তথ্য দিয়েছে।

এতে যুক্তরাজ্যে সরকারি হিসাবে এ পর্যন্ত প্রকাশিত মৃতের সংখ্যার তুলনায় মৃত্যু আরো ১৫ শতাংশ বেশি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার স্থানীয় গণমাধ্যম জানায়, লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের একটি প্রতিবেদনে দেখা গেছে- ইতালি, স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং বেলজিয়ামে যত মানুষ মারা গেছে তার প্রায় অর্ধেকেরই মৃত্যু হয়েছে বৃদ্ধনিবাসগুলোতে।

রয়টার্স বলছে, যুক্তরাজ্যে হাসপাতালের বাইরের মানুষের মৃত্যু হিসাবের মধ্যে ধরা হলে মৃতের সংখ্যা সরকারি হিসাবে দেখানো ১২ হাজার ১০৭ এর চেয়েও আরো কয়েক হাজার বেশি হতে পারে। ফলে যুক্তরাজ্য হতে উঠতে পারে ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত প্রকাশিত মৃতের সংখ্যার হিসাবে বিশ্বে দেশটির অবস্থান পঞ্চম। আর যুক্তরাজ্যের চেয়ে এক ধাপ এগিয়ে আছে ফ্রান্স।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে ফ্রান্সে মৃতের সংখ্যা ১৪,৬৭৯। স্পেনে ১৮,০৫৬, ইতালিতে ২০,৪৬৫ এবং ২৩,৬৪৯ জনের মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্স, স্পেন এবং ইতালি এখন দৈনিক মৃতের সংখ্যা কিছুটা কম বলেই জানাচ্ছে। স্পেন এরই মধ্যে লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিলও করেছে। যদিও এ পদক্ষেপ নেওয়ার পরদিনই দেশটিতে মৃত্যু আবার বেড়েছে।

স্পেনে মৃতের সংখ্যা সোমবারের ৫১৭ জন থেকে মঙ্গলবার বেড়ে হয়েছে ৫৬৭ জন। আর স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২,৫৪১ জনে।

ওদিকে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৮৪,০৭৩, ইতালিতে ১৫৯,৫১৬ এবং ফ্রান্সে ১৩৭, ৮৮৭ জন।

দক্ষিণ এশিয়ায় ভারতের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৫ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৬। পাকিস্তানে ৫ হাজার ৮৩৭ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ৯৬ জন।