যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৬
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়, টর্নেডো ও ঢলে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।
ওই অঞ্চলের লুইজিয়ানা, টেক্সাস ও মিসিসিপিতে টর্নেডো হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
রোববার মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্ডা তিনটি কাউন্টিতে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী, জেফারসন ডেইভিস কাউন্টিতে তিন জনের, লরেন্সে দুই জনের ও ওয়ালথলে একজনের মৃত্যু হয়েছে।
লুইজিয়ানার মনরো শহরে অনেকগুলি বাড়ি ধ্বংস হয়ে গেছে, তবে এতে শুধু একজন সামান্য আঘাত পেয়েছেন বলে তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস রোববার রাত থেকে সোমবার পর্যন্ত মিসিসিপি, আলাবামা ও জর্জিয়াজুড়ে বজ্রসহ তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে।
“শক্তিশালী টর্নেডো, ব্যাপক ক্ষতি করার মতো প্রচণ্ড ঝড়ো হওয়া ও বড় বড় শিলাবৃষ্টি হতে পারে,” বলেছে তারা।
যু্ক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস মহামারীর এই সময়ে বজ্রঝড় ও টর্নেডো চলাকালে নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সহায়তা করতে গত সপ্তাহে বিভিন্ন গাইডলাইন ইস্যু করেছে আমেরিকান মিটিরোলজিক্যাল সোসাইটি। যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিকই এখন ঘরবন্দি নির্দেশের আওতায় আছেন।
অনেক এলাকায়ই লকডাউনের কারণে সরকারি আশ্রয় কেন্দ্রগুলো বন্ধ আছে। স্কুলের মতো সর্বসাধারণের উপস্থিতি আছে এমন স্থানে আশ্রয় নেওয়া লোকজনকেও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে নেওয়া পদক্ষেপ তার অঙ্গরাজ্যের সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে আসার ক্ষেত্রে লোকজনকে বিরত রাখতে পারে বিবেচনায় রোববার জরুরি অবস্থা ঘোষণা করে এসব পদক্ষেপ স্থগিত করেছেন আলাবামার গভর্নর কে আইভি।
