২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস ব্রিফিংয়ে ‘মজেছেন’ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন করোনাভাইরাস বিষয়ক টাস্ক ফোর্সের ব্রিফিংয়ে উপস্থিত থাকাকেই তার দৈনন্দিন কর্মসূচিতে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 04:57 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

তারা বলছেন, ব্রিফিংয়ে বেশি সময় নষ্ট না করতে ট্রাম্পকে পরামর্শ দেওয়ার পরও তিনি এ সংকটময় মুহুর্তে প্রতিদিন জনগণের সামনে হাজির হওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ।

ইতিহাসের এমন এক ক্রান্তিকালে তিনিই যে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তা বোঝাতেই যেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট টাস্ক ফোর্সের ব্রিফিংগুলোতে নিয়মিত হাজিরা দিচ্ছেন।

বেশ কয়েকটি জরিপে জনপ্রিয়তার ঊর্ধ্বগতির চিত্রও তাকে এই কাজে আগ্রহী করে তুলতে পারে বলে উপদেষ্টারা মনে করছেন। ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টা প্রেসিডেন্টকে ‘লেস ইজ মোর’ কৌশল নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ব্রিফিং ও সাংবাদিকদের সঙ্গে বাদানুবাদে বেশি সময় দিতে গিয়ে ট্রাম্প যেন বিদ্যমান চ্যালেঞ্জ থেকে দৃষ্টি সরিয়ে না নেন সেটা নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য।

“বেশ কয়েকবারই তাকে এ পরামর্শ দেওয়া হয়েছে; কিন্তু তিনি মনে করছেন, এটি (ব্রিফিং) চমৎকার, জনপ্রিয়তার সব সূচকও ভাল,” জানিয়েছেন পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তা।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বাড়লেও এরপর থেকে তা মোটামুটি একই রকমই আছে। জনপ্রিয়তার মাপকাঠিতে তার এ অবস্থান সংকটকালে অন্য মার্কিন প্রেসিডেন্টেদের জনপ্রিয়তার তুলনায়ও খানিকটা নিচে।

২০০১ সালে সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি।

কেবল ‘অ্যাপ্রুভাল রেটিং’-ই নয়, সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ট্রাম্প নভেম্বরের নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও পিছিয়ে আছেন বলে দেখা যাচ্ছে।

ট্রাম্প যেখানে প্রতিদিনই টিভিপর্দায় হাজির হওয়ার সুযোগ পাচ্ছেন, বাইডেনকে সেখানে ঘরের ভেতর থেকেই মাঝে মাঝে ভিডিওবার্তা নিয়ে হাজির হতে হচ্ছে। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে নির্বাচনী প্রচার বন্ধ থাকলেও বার্নি স্যান্ডার্স সরে দাঁড়ানোয় বাইডেন এখন বেশ স্বস্তিতেই আছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

জনমত জরিপের এখনকার গ্রাফ ট্রাম্পের উপদেষ্টাদেরও চিন্তিত করছে। এ কারণেই তাদের অনেকেই ট্রাম্পকে কৌশল সামান্য পাল্টে নিতে অনুরোধ করেছিলেন। বলেছিলেন, ব্রিফিংয়ে পুরো সময় না থেকে ট্রাম্প যেন শুরুতে সামান্য বক্তৃতা দিয়ে বাকিটুকু টাস্ক ফোর্সের অন্য সদস্যদের হাতে ছেড়ে দেন।

কিন্তু তাতেও কাজ হয়নি, ট্রাম্প যেন করোনাভাইরাসের ব্রিফিংয়েই মজেছেন।

“আমার মনে হয় না, এভাবে ব্রিফিংয়ে সময় নষ্ট করে কোনো ফল হবে। সময় যত যাবে, পরিস্থিতি তার জন্য আরও খারাপ হতে পারে,” বলেছেন হোয়াইট হাউসঘনিষ্ঠ এক রিপাবলিকান রাজনীতিক।