করোনাভাইরাস: ব্রাজিলের মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মহামারীতে দক্ষিণ গোলার্ধের প্রথম দেশ হিসেবে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশজুড়ে ১৯ হজার ৬৩৮ জন আক্রান্ত ও মৃতের সংখ্যা এক হাজার ৫৬ জন বলে নিশ্চিত করেছে।
শুধু হাসপাতালে থাকা রোগীদের পরীক্ষার মাধ্যমে আক্রান্তের সংখ্যা নির্ধারণ করায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে বিবিসি জানিয়েছে।
ব্রাজিলের অধিকাংশ রাজ্য সামাজিক দূরত্বের নিদের্শনা জারি করলেও দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো এর বিরোধিতা করেছেন। ওই রাজ্যগুলো অযথা অর্থনীতির ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রাদুর্ভাবের প্রকোপ আগামী কয়েক সপ্তাহের মধ্যেও শীর্ষে পৌঁছবে না, এ পর্যায়ে এমনটিই ধারণা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, দেশজুড়ে এমন উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ব্রাজিলের ঘিঞ্জি বস্তি এলাকাগুলোতে যেখানে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলা কঠিন আর প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাও অপ্রতুল, সেখানে ভাইরাসটির দ্রুত বিস্তার ঘটতে পারে বলে জানিয়েছে বিবিসির সাঁও পাওলো প্রতিনিধি কেটি ওয়াটসন।
ব্রাজিলের আদিবাসী সম্প্রদায়গুলো করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে, এমন আশঙ্কাও সেখানে আছে। বাইরে থেকে আসা রোগ প্রতিরোধের প্রাকৃতিক সুরক্ষা অল্প হওয়ায় এসব সম্প্রদায় খুব ঝুঁকির মধ্যে আছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
চলতি সপ্তাহের প্রথমদিকে উত্তরাঞ্চলীয় রাজ্য ররেইমার হাসপাতালে একজন আদিবাসী কিশোর কোভিড-১৯ এ ভুগে মারা যায়। সরকারিভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মারা যাওয়া প্রথম আদিবাসী ব্যক্তি এই কিশোর।
শুক্রবার প্রেসিডেন্ট বলসোনারো রাজধানী ব্রাজিলিয়ার রাস্তায় নেমে সমর্থকদের সঙ্গে করমর্দন করেছেন ও ছবি তুলেছেন। ফেইস মাস্ক ও হাতে গ্লভসও পরা ছিল না তার। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা অবজ্ঞা করতেই তিনি এমনটি করেছেন বলে ধারণা পর্যবেক্ষকদের।
এ সময় ক্ষুব্ধ কিছু লোক হাঁড়ি-পাতিল বাজিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন আর বলসোনারোর সমর্থকরা তাদের ‘বাড়ি যাও!’ বলে চিৎকার করে ধমক দেয়।
