২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রয়টার্সের বিরুদ্ধে মানহানির মামলা তুলে নিল মিয়ানমারের সেনাবাহিনী

রাখাইনে দুই মুসলিম নারীর নিহতের খবরকে কেন্দ্র করে বার্তা সংস্থা রয়টার্সের বিরুদ্ধে করা একটি মানহানির মামলা তুলে নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2020, 09:54 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

বুধবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন জানান, মিয়ানমারের প্রেস কাউন্সিলের অনুরোধ এবং গণমাধ্যমের সঙ্গে সেনাবাহিনীর ভালো সম্পর্ক বজায় রাখার স্বার্থেই মামলাটি প্রত্যাহার করা হয়েছে।

গত সপ্তাহে রয়টার্স ও স্থানীয় এক আইনপ্রণেতার বিরুদ্ধে সেনাবাহিনীর এ মামলার খবর দিয়েছিল মিয়ানমার পুলিশ।

সেনাবাহিনীর অভিযোগ, ২৫ জানুয়ারি রয়টার্সের খবরে স্থানীয় এক আইনপ্রণেতার বরাতে তাদের ছোড়া গোলায় রাখাইনে দুই মুসলিম নারী নিহত হয়েছিল বলে জানিয়েছিল। ওই সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অ্যাখ্যা দিয়েই মানহানির মামলাটি করা হয়।

আরাকার আর্মির হামলায় ওই দুই নারী নিহত হয়েছে বলে দাবি মিয়ানমার পুলিশের। হামলার জন্য আরাকান আর্মিও সেসময় মিয়ানমার সেনাবাহিনীকে দায় দিয়েছিল।

“মিয়ানমার প্রেস কাউন্সিলের মধ্যস্থতা ও অনুরোধে আমরা ওই মামলাটি তুলে নিয়েছি। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকাকে স্বীকৃতি ও মূল্য দিই আমরা,” টেলিফোনে রয়টার্সকে বলেছেন জ মিন তুন।

মিয়ানমারের প্রেস কাউন্সিল জানিয়েছে, সেনাবাহিনী রয়টার্সের পাশাপাশি গত বছর স্থানীয় সংবাদমাধ্যম ইরাবদীর বিরুদ্ধে যে মামলা করেছিল তাও প্রত্যাহার করে নিয়েছে।

রয়টার্স এবং ইরাবদীর বিরুদ্ধে মিয়ানমারের টেলিকমিউনিকেশন আইনের ৬৬ডি ধারায় মামলা হয়েছিল।

“ভবিষ্যতে যদি কোনো কিছু নিয়ে অসন্তোষ দেখা দেয়, প্রতিষ্ঠানগুলোকে আমরা মামলা করার আগে প্রথমে প্রেস কাউন্সিলে অভিযোগ পাঠাতে অনুরোধ করছি,” সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানিয়ে দেওয়া বিবৃতিতে বলেছে এ পরিষদ।

রয়টার্সের বিরুদ্ধে সেনাবাহিনীর মামলাটি তুলে নেওয়া হয়েছে কিনা রাখাইনের পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।