চেন্নাইয়ে করোনাভাইরাসের সতর্কতা উপেক্ষা করে সিএএবিরোধী সমাবেশ
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সতর্কতা উপেক্ষা করেই ভারতের চেন্নাইয়ে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী সমাবেশে ৫ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছে।
বুধবার মেরিনা বিচের কাছে চিপক এলাকায় এ সমাবেশ হয় বলে এনডিটিভি জানিয়েছে।
তৌহিদ জামাত নামের একটি সংগঠনের ডাকা এ সমাবেশ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার এবং তামিলনাডুর বিধানসভায় সিএএ, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও জনসংখ্যা নিবন্ধনের (এনপিআর) বিরুদ্ধে প্রস্তাব আনার আহ্বান জানানো হয়।
চেন্নাই ছাড়াও তামিলনাডুর আরো কিছু শহরে এ ধরনের সমাবেশ ও বিক্ষোভ হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
করোনাভাইরাসের সর্তকতা উপেক্ষা প্রসঙ্গে তারা বলেছেন, প্রাণঘাতী এ ভাইরাসের কারণে ভারতে এখন পর্যন্ত মাত্র তিনজনের মৃত্যু হয়েছে; অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে প্রাণ গেছে ৮০ জনের।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া কবিড-১৯ নিয়ে আতঙ্কের মধ্যে চেন্নাইয়ে পাঁচ হাজারেরও বেশি লোকের এ সমাবেশ উদ্বেগ বাড়িয়েছে।
ভারতে এখন ভাইরাসটি 'স্টেজ টু' বা স্থানীয় পর্যায়ে সংক্রমণ স্তরে আছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন এলাকায় গণজমায়েত বন্ধের উদ্যোগ নিয়েছে।
তামিলনাডুতেও রাজ্য সরকার ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, জিম, হোটেল রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
জনসাধারণকে মসজিদ, মন্দিরসহ সব প্রার্থনাকেন্দ্র ও যে কোনো ধরনের গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
বুধবার কর্তৃপক্ষ থানজাবুরের বিখ্যাত মন্দিরও বন্ধ ঘোষণা করেছে।
