জরুরি অবস্থার মেয়াদ বাড়াচ্ছে স্পেন, বন্ধ হতে পারে সীমান্ত
স্পেনে করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ ১৫ দিনের বেশি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী হোসে লুইস আবালোস।
সরকার একইসঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার কথাও ভাবছে বলে জানান তিনি।
আরএনই রেডিওতে লুইস বলেন, “আমাদেরকে অবশ্যই চলমান অবস্থার মেয়াদ ১৫ দিনের বেশি বাড়াতে হবে। কোন কোন পদক্ষেপ দীর্ঘস্থায়ীভাবে নেওয়া দরকার সেটিও দেখতে হবে।”
ওদিকে, স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফারনান্দো গ্রান্দে-মারলাসকা বলেছেন, “অন্যান্য বিকল্প পদক্ষেপের মধ্যে স্পেনের সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে।”
স্পেনে করোনাভাইরাসে মৃত্যু একশ ছাড়িয়ে যাওয়ার পর গত শনিবার থেকেই জরুরি অবস্থা কার্যকরের ঘোষণা দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সেইসঙ্গে স্কুল,সিনেমাহল, থিয়েটার এবং ক্রীড়াঙ্গনও বন্ধ থাকায় স্পেনে স্বাভাবিক জীবনযাত্রা থমকে আছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেই করোনাভাইরাসের দাপট সবচেয়ে বেশি।ভাইরাসটির বিস্তার ঠেকাতে ইউরোপের অনেক দেশই সীমান্ত বন্ধ করে দিচ্ছে।
