২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে চার বছর আগে ১৯ প্রতিবন্ধী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

জাপানের আদালত চার বছর আগে ১৯ মানসিক প্রতিবন্ধীকে ছুরি মেরে হত্যায় অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 02:18 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

৩০ বছর বয়সী সাতোশি উয়েমাতসু ২০১৬ সালে টোকিওর দক্ষিণপশ্চিমাঞ্চলে সাগামিহারার একটি প্রতিবন্ধী সেবাদান কেন্দ্রে ওই ছুরি হামলার দায় স্বীকার করেছিলেন।

তিনি এক সময় ওই সেবাকেন্দ্রটিতে কাজ করতেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলায় ১৯ নিহতের পাশাপাশি ২৬ জন আহতও হন; উয়েমাতসুর ছুরিকাঘাতের সময় হতাহতদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন।

রয়টার্স বলছে, চার বছর আগের এ নির্মমতা জাপানকে স্তম্ভিত করে দিয়েছিল। দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইন থাকায় সহিংসতার পরিমাণ অন্য দেশগুলোর ‍তুলনায় বেশ কম।

উয়েমাতসু গত মাসের এক শুনানিতে ‘অন্যদের সঙ্গে যোগাযোগে অক্ষম’ মানসিক প্রতিবন্ধীদের ‘সমাজের জন্য বোঝা’ অ্যাখ্যা দিয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

তাদেরকে হত্যা করা সমাজের জন্য ভালো হয়েছে, বলেছিলেন তিনি। 

সোমবার রায় ঘোষণা করে বিচারক কিয়োশি অনমা বলেন, উয়েমাতসু পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

“তার বিদ্বেষ ছিল ভয়ানক,” বলেছেন বিচারক। 

কালো পোশাক পরিহিত, দীর্ঘ ‍চুলের ইয়েমাতসু এসময় স্থির চোখে বিচারকের দিকে তাকিয়েছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

গত মাসের এক শুনানিতে অভিযুক্ত এ ব্যক্তি রায় যাই হোক না কেন, আপিল করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।