বয়স্কদের চারমাস আইসোলেশনে রাখবে যুক্তরাজ্য
করোনাভাইরাস সংক্রমণ রুখতে ৭০ বছরের বেশী বয়সীদেরকে কড়া আইসোলেশনে চারমাস রাখার নির্দেশ শিগগিরই দিতে চলেছে যুক্তরাজ্য সরকার।
দেশটির সম্প্রচারমাধ্যম আইটিভি’র রাজনৈতিক সম্পাদক একথা জানিয়েছেন।
রোববার একটি প্রোগ্রামে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, “ভাইরাসের বিস্তার বাড়তে থাকায় বয়স্করা এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। আর সেকারণেই তাদেরকে সুরক্ষিত থাকার জন্য বাড়িতে ‘সেলফ আইসোলেশনে’ থাকতে বলা হবে।”
চারমাস পর্যন্ত এই আইসোলেশনে রাখা হতে পারে- এমন কর্মপরিকল্পনাই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হ্যানকক।ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের যথেষ্ট ব্যবস্থা নেই বলেও তিনি স্বীকার করেন।
বয়স্ক মানুষ যাদের অন্যান্য আরো কোনো অসুখ আছে তারাই বিশেষত করোনাভাইরাস আক্রান্তের বেশি ঝুঁকিতে আছেন। ভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের অনেক দেশই বার, রেস্টুরেন্ট, দোকান-পাট সব বন্ধ করে দিচ্ছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হ্যানককও সে সম্ভাবনা নাকচ করেননি। তবে তিনি ভাইরাস মোকাবেলায় নিরন্তর লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
যুক্তরাজ্যে শনিবার পর্যন্ত ১ হাজার ১৪০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
