করোনাভাইরাস আতঙ্কে পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নভেল করোভাইরাস সংক্রমণের আশঙ্কায় এবার ভারতের পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী সোমবার ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দপ্তর।
বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীন পরীক্ষা। তবে উচ্চ মাধ্যমিক,আইসিএসই,সিবিএসই’র মতো যে পরীক্ষাগুলো চলছে তা চলবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
“আগামী ৩০ মার্চ আবার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে”, শনিবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার কার্যালয় থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “নভেল করোনাভাইরাস ছড়ানোর পরিস্থিতি মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘ এবং কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দিয়েছে, তার ভিত্তিতেই রাজ্য সরকার স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনস্বার্থেই এ সিদ্ধান্ত।”
রাজ্য সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এ কয়েকদিন নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে। সেইসঙ্গে শিক্ষক-শিক্ষিকাদেরও বাড়ি থেকে কাজ করতে অনুরোধ জানিয়েছেন মমতা।
