ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে প্রথম মৃত্যু
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা ৫৩ বছরের এক ব্রিটিশ নারী মারা গেছেন।
দেশটিতে করোনাভাইরাসে এটিই প্রথম মৃত্যু বলে বুধবার জানিয়েছেন কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাস আক্রান্ত ওই নারী আগে থেকেই আরো দুটি অসুখ ডায়াবেটিস এবং হাইপারটেনশনে ভুগছিলেন।
জাকার্তায় ব্রিটিশ দূতাবাসের এক কর্মকর্তা জন নিকেল বলেছেন, “আমরা ইন্দোনেশিয়ায় মারা যাওয়া ওই ব্রিটিশ নারীর পরিবারের পাশে আছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”
পরিবারের অনুরোধে তার শবদাহ করা হয়েছে বলে জানিয়েছে বালি দ্বীপের কোভিড-১৯ টাস্ক ফোর্সের প্রধান দেবা মাদে ইন্দ্র।
ইন্দোনেশিয়ার বালি চীনা ও অন্যান্য বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান। এর আগে এ দ্বীপটিতে করোনাভাইরাসে কারো মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ ওই নারীর সংস্পর্শে এসেছিলেন এমন ২১ জনকে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দ্র।
