স্বেচ্ছায় কোয়ারেন্টিনে দুই রিপাবলিকান সিনেটর
নভেল করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসার পর মার্কিন কংগ্রেসের দুই রিপাবলিকান সদস্য নিজেরাই কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন।
রোববার কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে ওই রোগীর সংস্পর্শে আসার পর এমন ঘোষণা দেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং অ্যারিজোনার রিপাবলিকান পল গোসার।
তারা সাবধানতার সঙ্গেই পদক্ষেপ নেবেন এবং ভাইরাস সংক্রমণের কোনো লক্ষণও আপাতত নেই বলে জানিয়েছেন।
ক্রুজ বলেছেন, তিনি টেক্সাসে পুরো ১৪ দিন থাকবেন। টেক্সাসের এ রিপাবলিকান জানান, ভাইরাস আক্রান্তের সঙ্গে তার হাত মেলানো এবং সংক্ষিপ্ত আলাপ হয়েছিল।
অন্যদিকে, রিপাবলিকান গোসার রোববার তার বিবৃতিতে বলেন, তার তিনজন স্টাফ মেম্বারসহ তিনি আক্রান্ত ব্যক্তির সঙ্গে বেশকিছু সময় ছিলেন এবং কয়েকবার হাতও মিলিয়েছেন। এখন তিনি ১৪ দিন আরিজোনায় নিজ বাড়িতে থাকবেন এবং তার অফিসও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
তিনি বলেন, “আমাদের রোগের কোনো লক্ষণ নেই, সুস্থ্যও আছি। তবে আমরা সাবধান এবং সুরক্ষিত থাকছি।”
