গ্রিস-তুরস্ক সীমান্তে কাঁদুনে গ্যাস নিক্ষেপ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুখি অভিবাসন প্রত্যাশীদের নিয়ে গ্রিস-তুরস্ক সীমান্তে উত্তেজনার মধ্যে সেখানে কাঁদুনে গ্যাস ও স্মোক বোমা নিক্ষেপ করা হয়েছে।
শনিবার সকালে গ্রিসের কাস্তানিয়েস সীমান্ত ক্রসিং এলাকায় এসব ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক সংবাদাতা জানান, তুরস্কের ভূখণ্ড থেকে কাস্তানিয়েস ক্রসিংয়ের কাছে থাকা গ্রিসের পুলিশের দিকে কাঁদুনে গ্যাস ও স্মোক বোমা নিক্ষেপ করা হয়, এ সময় গ্রিসের পুলিশও কিছু কাঁদুনে গ্যাস ছোড়ে।
এদিকে সীমান্তের তুরস্কের পাশে উঁচু বেড়ার পাশে কয়েকশ লোককে দেখা যায়, তাদের মধ্যে কিছু লোক বেড়া ধাক্কাধাক্কি করছিল।
২৮ জানুয়ারি তুরস্ক জানায়, ২০১৬ সালে ইইউয়ের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী তারা আর অভিবাসীদের তাদের ভূখণ্ডে আটকে রাখার চেষ্টা করবে না।
বিলিয়ন বিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস পেয়ে তুরস্ক ওই চুক্তিতে সম্মত হয়েছিল।
তুরস্কের ওই ঘোষণার পর থেকে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ইইউয়ের সদস্য রাষ্ট্র তুরস্কের প্রতিবেশী দেশ গ্রিসে প্রবেশের চেষ্টা করছে।
তুরস্কের যুক্তি ছিল, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে লড়াই তীব্র হয়ে ওঠায় আরও শরণার্থী সীমান্ত অতিক্রম করে তুরস্কে ঢুকতে পারে, এ কারণে তাদের দেশে থাকা শরণার্থীদের আর তারা রাখতে পারবে না।
কিন্তু গ্রিস অভিবাসন প্রত্যাশীদের তাদের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয়।
তারপরও হাজার হাজার অভিবাসন প্রত্যাশী গ্রিসের সীমান্তে জড়ো হলে সীমান্তে সৈন্য ও দাঙ্গা পুলিশ মোতায়েন করে তারা। অপররদিকে সীমান্তের অপরপাশে অবস্থান নেয় তুরস্কের নিরাপত্তা বাহিনী।
গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, গত আট দিনে কর্তৃপক্ষ অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত অতিক্রমের কয়েক হাজার প্রচেষ্টা নস্যাৎ করেছে।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা সময় পর্বে অভিবাসন প্রত্যাশীরা ১২০০ বার সীমান্ত অতিক্রমের উদ্যোগ নিয়েছে এবং সেখান থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গ্রিসের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। আটক অভিবাসীদের অধিকাংশই আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা শরণার্থী বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার রাতে গ্রিসের প্রধানমন্ত্রী কিরইয়াকস মিতসোতাকিস সিএনএন নেটওয়ার্ককে বলেন, “গ্রিস যা করছে তা প্রত্যেক সার্বভৌম রাষ্ট্রের করার অধিকার আছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তকে সুরক্ষিত করছে।
“তুরস্কের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পদ্ধতিগত উস্কানি দেওয়া হচ্ছে যার সঙ্গে এই লোকগুলোর দুর্দশার কোনো সম্পর্ক নেই, এই নিয়ে আমি শঙ্কিত। তুরস্ক তাদের ব্যবহার করছে।”
শনিবার সকালে গ্রিসের পাশের সীমান্ত ক্রসিং এলাকার ভারি মেশিনপত্র আনতে দেখা গেছে এবং একটি বুলডোজারকে কাস্তানিয়েস এলাকায় বাঁধ তৈরি করতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা ইইউ ব্লকে অবৈধ অভিবাসন বন্ধ করতে পদক্ষেপ নেবেন।
এরপর ওই দিন রাতে তুরস্ক অভিযোগ করে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন প্রত্যাশীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং আন্তর্জাতিক আইনকে ‘পদদলিত’ করার অনুমোদন দিচ্ছে।
