২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ইরানের রেভোলুশনারি গার্ডের কমান্ডার নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি রেভোলুশনারি গার্ডের জ্যেষ্ঠ সদস্য কমান্ডার ফারহাদ দাবিরিয়ান নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 07:10 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

শুক্রবার তিনি নিহত হন বলে ইরানি বার্তা সংস্থা ফার্সের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফার্সের প্রতিবেদনে তিনি ‘শহীদ’ হয়েছেন বলা হলেও ঘটনার বিস্তারিত জানানো হয়নি। কমান্ডার দাবিরিয়ান ‘সাইদা জইনব মাজারের রক্ষাকর্তা’ ছিলেন বলে বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে।  

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে সাইদা জইনব এলাকায় রেভোলুশনারি গার্ডের এই জ্যেষ্ঠ কমান্ডার গুপ্তহত্যার শিকার হয়েছেন।

সাইদা জইনব শিয়া মুসলিমদের একটি পবিত্র স্থান।

নিহত দাবিরিয়ান সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রাচীন শহর পালমিরার গার্ড বাহিনীর সাবেক কমান্ডার ছিলেন।

নয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সামরিক বাহিনীর পাশে থেকে লড়াই করছে ইরানের রেভোলুশনারি গার্ড বাহিনী এবং পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও লেবানন থেকে আসা বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠী।