তিউনিসিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলা, পুলিশ নিহত
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার রাজধানী তিউনিসে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মূল ফটকের কাছেই এ হামলা হয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই হামলাকারী মোটরসাইকেলে এসে নিজেদের উড়িয়ে দেন।
রয়টার্সের এক সাংবাদিক বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি মোটর সাইকেল ও পুলিশের একটি গাড়িকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।
পুলিশ সদস্যরা সেসব ধ্বংসাবশেষকে এক জায়গায় জড়ো করছিলেন; সেসময় ঘটনাস্থলের আশপাশে একটি হেলিকপ্টারকে উড়তে দেখা গেছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবারের এ হামলাকে তিউনিসিয়ায় কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে রয়টার্স।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে।
হামলায় পুলিশের ৫ সদস্যের পাশাপাশি এক বেসামরিকও সামান্য আহত হয়েছেন, জানিয়েছে তারা।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএপি পরে এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে।
হামলায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
“ঘটনা তদন্তে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি,” বলেছেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
