২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ক্যালিফোর্নিয়া উপকূলের প্রমোদতরীতে আটকা হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে করোনাভাইরাসের ভয়ে আটকে রাখা প্রমোদতরীতে আটকা পড়েছে ওই তরীতে থাকা সাড়ে তিন হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 10:42 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

তাদের অনেকেরই করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করে দেখা হচ্ছে।বৃহস্পতিবার সামরিক হেলিকপ্টারে করে সেখানে পৌঁছানো হয়েছে পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি।

ক্যালিফোর্নিয়া উপকূলে আটকে রাখা এই প্রমোদতরীটির নাম গ্র্যান্ড প্রিন্সেস। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে বুধবার রাতে এটিকে উপকূলে আটকানো হয়।এতে ২ হাজার ৪২২ জন যাত্রী এবং ১ হাজার ১১১ জন ক্রু আছে।

এই প্রমোদতরীর আগের সমুদ্রযাত্রায় এক যাত্রী মারা গেছেন এবং চারজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন।

তরীটির যাত্রীদেরকে ঠিকমত পরীক্ষা না করে সেটিকে নোঙ্গর করতে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। পরীক্ষার ফল আসার কথা শুক্রবারই।

গত মাসে মেক্সিকো ভ্রমণ করে আসার পর হাওয়াইয়ে ফেরার পথে থাকা প্রমোদতরীটির যাত্রীদের ১৪২ জন ব্রিটিশ নাগরিক। তরীটিতে ভ্রমণ করা অনেকেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়ার প্রথম ব্যক্তির মৃত্যুর ঘটনায় অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারির পর উপকূলে প্রমোদতরী আটকানোর পদক্ষেপ নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২শ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং ১৪ জনের মৃত্যু হয়েছে।