২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে কিমের চিঠি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 07:15 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ ব্লু হাউজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। আগের দিন কিমের পাঠানো ওই চিঠির প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট মুনও কৃতজ্ঞতা জানিয়ে তাকে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে তারা।

পূর্ব এশিয়ার বৈরী এই দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে ‘ব্যক্তিগত চিঠি’ চালাচালির ঘটনা খুব একটা ঘটে না।

ব্লু হাউজের মুখপাত্র ইয়ুন দু-হেন জানিয়েছেন, কিমের চিঠিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে লড়তে থাকা দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি শুভ কামনা জানানো হয়েছে। তারা এই লড়াইয়ে সফল হবে বলেও আস্থার কথা জানিয়েছেন কিম।

চিঠিতে ‘দক্ষিণের ভ্রাতৃগণের’ অব্যাহত সুস্বাস্থ্য কামনা করেছেন কিম জং উন। প্রেসিডেন্ট মুনের জন্যও উদ্বেগ জানিয়েছেন তিনি।

“কিম বলেছেন, এই পরিস্থিতিতে সহযোগিতার জন্য তেমন কিছু করতে না পারায় তিনি মনঃক্ষুণ্ন।”

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উনের চিঠিতে রাজনীতিরও ছাপ পড়েছে- কোরীয় উপত্যকা নিয়ে তার ‘সরল ভাবনা ও অবস্থানের’ কথা বলেছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম দেখা দেওয়া নভেল করোনাভাইরাসে এরইমধ্যে ৯৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চীন ছাড়িয়ে এই রোগ এখন ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

তবে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার সাতশ ছাড়িয়েছে এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে।

নতুন করোনাভাইরাস মোকাবেলায় চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান নাকাল হলেও ওই অঞ্চলের দেশ উত্তর কোরিয়ার কোনো খবর আসছে না আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট দাবি করে, নভেল করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এরপর বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনাও হয়। তবে ওই খবরের সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।

এদিকে বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস আতঙ্কে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কোয়ারেন্টিনে থাকা কয়েক ডজন বিদেশি কূটনীতিকের শুক্রবার দেশটি থেকে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট বাতিল হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, “অজ্ঞাত কারণে রাশিয়ানরা শুক্রবারের ফ্লাইট বাতিল করেছেন।”

পরে কখন এই কূটনীতিকদের সেখান থেকে উদ্ধারে ফ্লাইট ছাড়বে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে সিএনএনের পক্ষ থেকে জানতে চাইলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেনি। অপরদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটির জিজ্ঞাসায় সাড়া দেয়নি উত্তর কোরিয়া সরকার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় এয়ারলাইন এয়ার কোরীয় ‘৬০ জনের মতো’ কূটনীতককে নিয়ে পিয়ংইয়ং থেকে রাশিয়ার ভ্লাদিভস্টকে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছিল বলে গত সপ্তাহে জানতে পারে সিএনএন।

পিয়ংইয়ংয়ে জার্মান দূতাবাস, ফ্রেঞ্চ কোঅপারেশন অফিস ও সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং অন্যান্য দেশের কূটনৈতিক কার্যক্রম কমানো হতে পারে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়।