২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীতার লড়াই থেকে সরলেন ব্লুমবার্গ, বাইডেনকে সমর্থন

প্রচারণায় কোটি কোটি ডলার খরচ করেও সুপার টুইসডের প্রাইমারিতে বাজে ফল করা নিউ ইয়র্কের ধনকুবের মাইকেল ব্লুমবার্গ ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 11:41 AM

Updated : 08 Apr 2022, 12:26 AM

প্রার্থীতার লড়াই থেকে সরে যাওয়ার পাশাপাশি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থনও দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

“ডনাল্ড ট্রাম্পকে হারাতেই তিন মাস আগে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেছিলাম আমি। আজও একই কারণেই সরে দাঁড়াচ্ছি,” বুধবার এক বিবৃতিতে বলেছেন নিউ ইয়র্কের সাবেক এ মেয়র।

মনোনয়ন দৌড়ের প্রচারে কেবল জানুয়ারি পর্যন্তই তিনি ৪০ কোটি ডলারের বেশি খরচ করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

মঙ্গলবারের আগ পর্যন্ত তার করা খরচের পরিমাণ এর কয়েকগুণও হতে পারে বলে অনুমান মার্কিন গণমাধ্যমগুলোর।

সুপার টুইসডেতে ব্লুমবার্গ কেবল আমেরিকান সামওয়া অঙ্গরাজ্যের ককাসেই জিততে পেরেছেন।

“আমি সবসময় বিশ্বাস করেছি, ট্রাম্পকে হারাতে সেই প্রার্থীর পেছনেই আমাদের একতাবদ্ধ হতে হবে, যার জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। গতকালের (সুপার টুইসডে) পর এটা স্পষ্ট যে আমার বন্ধু, যুক্তরাষ্ট্রের অসাধারণ নাগরিক জো বাইডেনই এখন সেই কাঙ্ক্ষিত প্রার্থী,” বলেছেন ব্লুমবার্গ।

মঙ্গলবারের প্রাইমারিগুলোতে ১০টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন। মাইনে এবং টেক্সাসের হাড্ডাহাড্ডি লড়াইতেও তিনি হারিয়েছেন বামঘেঁষা বার্নি স্যান্ডার্সকে।

৭৮ বছর বয়সী স্যান্ডার্স অবশ্য ক্যালিফোর্নিয়ায় জিতে তার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পেরেছেন। এর বাইরে কলোরাডো, ভারমন্ট এবং উটাহও তার পক্ষেই রায় দিয়েছে।

ডেমোক্রেট মনোনয়ন দৌড়ে এ দুজনের বাইরে এখনও আছেন এলিজাবেথ ওয়ারেন ও তুলসি গ্যাবার্ড। প্রার্থীতার লড়াইয়ে থাকবেন কিনা, তা নিয়ে কয়েকদিনের মধ্যে ওয়ারেন তার মূল্যায়ন জানাতে পারেন বলে তার প্রচার শিবিরের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। 

জুলাইয়ে দলীয় কনভেনশনের আগেই প্রার্থীতা নিশ্চিত করতে মনোনয়ন দৌড়ে থাকা একজনকে অঙ্গরাজ্যগুলোর জন্য নির্ধারিত তিন হাজার ৯৭৯ ডেলিগেট বা প্রতিনিধির মধ্যে অন্তত এক হাজার ৯৯১টি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার পর্যন্ত ঘোষিত এক হাজার ২১৫ ডেলিগেটের মধ্যে বাইডেন ও স্যান্ডার্সের ব্যাগে ঢোকা ডেলিগেট সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৬৬ ও ৫০১-এ।

১০ মার্চ মিশিগান, ওয়াশিংটন স্টেট, আইডাহো, মিসিসিপি, মিজৌরি ও নর্থ ডাকোটার প্রাইমারিতে আরও ৩৫২ ডেলিগেটের ভাগ্য নির্ধারিত হবে।