২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের কবলে প্রায় গোটা ইরান, মৃত ৯২

ইরানের প্রায় সব প্রদেশেই নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ভাইরাসটিতে এ পর্যন্ত ৯২ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Mar 2020, 08:40 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

ইরানের প্রেসিডেন্ট রুহানি মন্ত্রিসভার এক বৈঠকে এ ভাইরাস সংক্রমণকে ‘ব্যাপকভাবে ছড়িয়ে পড়া রোগ’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “এ ভাইরাস আমাদের প্রায় সব প্রদেশেই পৌঁছে গেছে। এক অর্থে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি রোগ।” তবে ইরান মৃতের সংখ্যা নূন্যতম পর্যায়ে রেখেই এ ভাইরাস মোকাবেলা করবে বলেও বুধবার আশা প্রকাশ করেন রুহানি।

এর আগে মঙ্গলবারই ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসে ৯২ জনের মৃত্যুর খবর জানায়। চীনের বাইরে ইরানেই ভাইরাসটিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে আরো ২ হাজার ৯২২ জন।

ইরানের ভাইসপ্রেসিডেন্ট সহ পার্লামেন্ট সদস্যদের ৮ শতাংশই নভেল করোনাভাইরাসে আক্রান্ত। দেশটির ‘মজলিস’ বা পার্লামেন্টের ২৯০ সদস্যের মধ্যে ২৩ জনের এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লেখা পার্লামেন্টের স্পিকার আলী লারিজানির একটি চিঠিতে এই চিত্র উঠে এসেছে। আক্রান্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একজনের মৃত্যুও ঘটেছে গত সোমবার।

বুধবার প্রেসিডেন্ট রুহানি দেশবাসীকে সাহস দিয়ে বলেছেন,ইরান খুব অল্প সময়ের মধ্যেই ডাক্তার,নার্সদের দক্ষতায় মৃত্যুমিছিল আর বাড়তে না দিয়ে ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবে।

পুরনো খবর:

ইরানের পার্লামেন্ট সদস্যদের ৮ শতাংশেরই করোনাভাইরাস