‘কোয়ারেন্টিনে যাওয়ার চেয়ে বাড়িতেই মরব’
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রাণকেন্দ্র চীনের উহান শহরের বাসিন্দা ওয়েনজুন ওয়াং সেখান থেকে বিবিসি-কে দেয়া এক বিরল সাক্ষাৎকারে বেঁচে থাকার জন্য তার পরিবারের হৃদয়বিদারক সংগ্রামের কথা জানিয়েছেন।
কোয়ারেন্টিনে পর্যাপ্ত শয্যার অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা না পাওয়ার কথা তুলে ধরে ওয়াং বলেছেন, কোয়ারেন্টিনে যাওয়ার চেয়ে বাড়িতে মরাকেই শ্রেয় মনে করেন তিনি।
৩৩ বছর বয়সী নারী ওয়েনজুন ওয়াং একজন গৃহিনী। গত ২৩ জানুয়ারি উহানকে অবরুদ্ধ করে দেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই আছেন তিনি।
তখন থেকে বুধবার পর্যন্ত চীনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।মারা গেছে প্রায় ৫শ’ জন।
ওয়াং জানান,করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে এতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তার চাচা মারা গেছেন। বাবার অবস্থাও আশঙ্কাজনক। মা এবং চাচীর শরীরেও ভাইরাসের আলামত দেখা গেছে। সিটি স্ক্যানে তাদের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।ভাইয়ের প্রচুর সর্দি-কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে।
বাবার প্রচণ্ড জ্বর জানিয়ে ওয়াং বলেন,“তার ক্রমাগত কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে। আমরা বাড়িতেই তাকে অক্সিজেন দিয়েছি। সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টাই তিনি এই অক্সিজেন মেশিনের ওপর নির্ভর করে আছেন।”
“এই মুহূর্তে তিনি চীনা এবং পশ্চিমা ওষুধ সেবন করছেন। পরীক্ষা-নিরীক্ষার মতো সরঞ্জাম না থাকায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেজন্য তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। আমার মা এবং চাচী অসুস্থ শরীরেও প্রতিদিন হাসপাতালে গিয়ে শয্যা খুঁজছেন। তাদের আশা একটি শয্যা পেলে আমার বাবাকে সেখানে ভর্তি করানো যাবে।কিন্তু কোনো হাসপাতালই তাদেরকে নেবে না।”
‘কেউ আমাদের সাহায্য করছে না’
ওয়াং বলেন,“উহানে অনেক কোয়ারেন্টিন পয়েন্ট স্থাপন করা হয়েছে। যাদের হালকা লক্ষণ পাওয়া গেছে অথবা এখনও ইনকিউবেশনে আছেন তাদেরকে সেসব জায়গায় রাখা হচ্ছে।”
“সেখানে কিছু সাধারণ স্থাপনা তৈরি করা হয়েছে। সেগুলোতে হালকা চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কিন্তু আমার বাবার মতো যাদের অবস্থা গুরুতর তাদের জন্য সেখানে কোনও শয্যা নেই।”
“এ ধরনের একটি কোয়ারেন্টিন স্থাপনায় আমার চাচা মারা গেছেন। সেখানে গুরুতর লক্ষণ নিয়ে যারা ভর্তি হয়েছেন,তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। আমি আশা করছি,আমার বাবা যেন যথাযথ চিকিৎসা পান। কিন্তু এ মুহূর্তে কেউই আমাদের সহায়তা করছেন না বা সহায়তার জন্য এগিয়ে আসছেন না।”
বেশ কয়েকবার কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে ওয়াং বলেন,“যে জবাব পেয়েছি তা হল,হাসপাতালে শয্যা পাওয়ার কোনও সুযোগ নেই। আমা বাবা এবং চাচা শুরুতেই যে জায়গায় কোয়ারেন্টিনে গিয়েছিলেন সেটিকে আমরা হাসপাতাল মনে করেছিলাম। কিন্তু পরে দেখলাম সেটি আসলে একটি হোটেল। সেখানে কোনও নার্স বা চিকিৎসক নেই এবং কোনও হিটারও নেই।”
“আমার বাবা ও চাচা সেখানে সকালে গেলেও সেখানকার কর্মীরা তাদেরকে ঠান্ডা খাবার দিয়েছেন সন্ধ্যায়। আমার চাচা ততক্ষণে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল এবং তিনি জ্ঞান হারাচ্ছিলেন।কোনও চিকিৎসক তার চিকিৎসায় এগিয়ে আসেননি।তাকে এবং আমার বাবাকে আলাদা ঘরে রাখা হয়। বাবা পরদিন সকালে চাচাকে দেখতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।”
‘কোয়ারেন্টিনে যাওয়ার চেয়ে বাড়িতেই মরব’
ওয়াং বলেন, যারা এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে আছেন,তাদের জন্যই নতুন হাসপাতাল তৈরি হচ্ছে। হাসপাতালে থাকা রোগীদেরকেই নতুন হাসপাতালে নেওয়া হবে।কিন্তু আমাদের মতো মানুষ যারা আছেন, আমরা এখনো একটি শয্যাও পাইনি, নতুন হাসপাতালের কথা তো বাদই দিলাম।”
“সরকারের নির্দেশনা মানলে আমরা এখন একটিমাত্র জায়গাতেই যেতে পারি। আর সেটা হচ্ছে কোয়ারেন্টিন পয়েন্ট। কিন্তু আমরা সেখানে গেলে আমার চাচার যা ঘটেছে, আমার বাবারও তাই ঘটবে। তার চেয়ে বরং আমরা বাড়িতেই মরব।”
‘সংক্রমিত মানুষের সংখ্যা প্রচুর’
ওয়াং আরো বলেন, “চারপাশে আমাদের পরিবারের মতো আরো অনেক পরিবার আছে; যারা একই ধরনের পরিস্থিতিতে আছে।”
“আমার বন্ধুর বাবার প্রচণ্ড জ্বর ছিল। সে কারণে তাকে কোয়ারেন্টিন পয়েন্টে কর্মীরা জায়গা দেয়নি।আক্রান্ত মানুষের তুলনায় ব্যবস্থাপনা অপ্রতুল। আমরা আতঙ্কিত। এরপর কী ঘটবে জানি না।”
