‘কারিগরি ত্রুটিতে’ ডেমোক্রেটদের আইওয়া ককাসের ফল প্রকাশে দেরি
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী ঠিক করার আনুষ্ঠানিক প্রক্রিয়ার শুরুতেই চরম বিশৃঙ্খলার দেখা মিলেছে।
‘কারিগরি ত্রুটি’র কারণে দলটি সোমবার তাদের আইওয়া অঙ্গরাজ্যের ককাসের ফলই নির্ধারিত সময়ে জানাতে পারেনি।
ডেমোক্র্যাট পার্টির নেতারা বলছেন, তাদের কাছে যে তিন সেট ফল এসেছে, তার মধ্যে অসঙ্গতি ধরা পড়েছে।
মঙ্গলবারই ককাসের চূড়ান্ত ফল জানানো যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা, জানিয়েছে বিবিসি।
ফল ঘোষিত না হলেও জনমত জরিপে এগিয়ে থাকা ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সই আইওয়ার ককাসে নিজেকে জয়ী বলে দাবি করেছেন।
প্রাথমিক তথ্যে পিট বুটিগিগের চেয়ে তিনি বেশি সমর্থন পেয়েছেন- সোমবার এমনটাই জানিয়েছেন চার বছর আগে হিলারির কাছে মনোনয়ন লড়াইয়ে হারা এ ‘সোশাল ডেমোক্রেট’।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র বুটিগিগ ককাসের ফল নিয়ে সরাসরি কিছু না বলে ১১ ফেব্রুয়ারির নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে তার প্রচার দলই যে বাজিমাত করতে যাচ্ছে ‘সব সূচক সে ইঙ্গিতই দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন।
সোমবার আইওয়াতে রিপাবলিকান পার্টিরও ককাস হয়েছে। তাতে ৯০ শতাংশ সমর্থন পেয়ে ফের দলীয় মনোনয়নের পথে এগিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী রীতি অনুযায়ী, বিভিন্ন অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারির মাধ্যমে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে নেয়।
অঙ্গরাজ্যগুলো তাদের ঐতিহ্য অনুযায়ী হয় ককাস না হয় প্রাইমারি করে। ককাসে দলের স্থানীয় প্রতিনিধিরা হাত তুলে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে অবস্থান নেন। প্রাইমারিতে হয় সরাসরি ভোট।
স্কুল, লাইব্রেরি, চার্চ, মসজিদসহ সোমবার আইওয়ার এক হাজার ৬০০রও বেশি স্থানে ককাসের ভোটাররা জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরও ফল জানতে না পেরে তাদের হতাশ হতেও দেখা গেছে।
“ফলের তিন সেট প্রতিবেদনে অসঙ্গতি পেয়েছি আমরা। প্রতিবেদনেই সমস্যা; ককাস সংক্রান্ত অ্যাপটি অকার্যকর হয়ে পড়েনি, কিংবা কোনো হ্যাকিং বা অনধিকার প্রবেশের ঘটনাও ঘটেনি,” বলেছেন আইওয়া ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র মেন্টি ম্যাকক্লুর।
অন্যদিকে অঙ্গরাজ্যটির বিভিন্ন কাউন্টির ডেমোক্র্যাট প্রতিনিধিরা বলছেন, কারিগরি ত্রুটির কারণেই ফল প্রকাশে দেরি হচ্ছে।
ফল পাঠানোর জন্য ককাসের আয়োজকরা যে অ্যাপটি বানিয়েছিলেন সেটি কাজ করছে না; এমনকি অঙ্গরাজ্যের সদরদপ্তরের ফোনটিও অকার্যকর হয়ে আছে, বলেছেন তারা।
আইওয়ার ককাস চূড়ান্ত বিচারে মনোনয়নপ্রত্যাশীদের ঝুলিতে বড় কিছু এনে না দিলেও বেশিরভাগ সময়ই এটি ‘বাঁক নির্ধারণে’ ভূমিকা রাখে; শেষ চার প্রেসিডেন্ট নির্বাচনে যারাই ডেমোক্রেট পার্টির মনোনয়ন পেয়েছেন, তারা সবাই আইওয়াতে জিতেছিলেন বলে বিবিসি জানিয়েছে।
এ দফার মূল লড়াইটা স্যান্ডার্সের সঙ্গে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনেরই হবে বলে মনে করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় তারা ছাড়াও আছেন বুটিগিগ, ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন, মিনেসোটার সিনেটর অ্যামি ক্লবুচারসহ আরও কয়েকজন।
আইওয়ার ককাসের পর আগামী সপ্তাহে হবে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি। মাসের শেষ দিকে জানা যাবে নেভাদা ও সাউথ ক্যারোলাইনার রায়।
৩ মার্চ ‘সুপার টুইসডে’তে ১৫রি অঙ্গরাজ্য ও অঞ্চল তাদের পছন্দের প্রার্থী কে, তা জানাবে।
সব প্রাইমারি ও ককাস শেষে জুলাইয়ে উইসকনসিনের মিলৌকিতে ডেমোক্র্যাট পার্টির সম্মেলনেই দেওয়া চূড়ান্ত মনোনয়ন।
নিউজের স্লাইড শোর ৯ নম্বর ছবিটা দেবেন। ছবিতে কিছু লোককে টিভির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।
