করোনাভাইরাস: চীনে অবহেলায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
চীনের হুবেই প্রদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন এক ব্যক্তিকে পৃথক করে বিচ্ছিন্ন অবস্থায় রাখার পর দেখভালের অভাবে তার কিশোরবয়সী প্রতিবন্ধী সন্তানের মৃত্যু ঘটেছে।
এ ঘটনা নিয়ে তদন্তের পর হোনগান কাউন্টি কর্তৃপক্ষ স্থানীয় দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
বুধবার ১৬ বছর বয়সী ইয়ান চেংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তার সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধিতা ছিল। সে কথা বলতে, হাঁটতে বা নিজে নিজে খেতেও পারতো না।
নিউমোনিয়াসদৃশ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাবা ও ভাইকে বিচ্ছিন্ন করে ফেলার এক সপ্তাহ পর চেংয়ের মৃতদেহ পাওয়া যায়। তার বাবার শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে।
মা হারা চেংয়ের দেখভাল বাবাই করতেন। বাবাকে পৃথক করার পর তাকে খাওয়ানোর বা দৈনন্দিন জীবনে তাকে সাহায্য করার কেউ ছিল না।মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী এ কিশোর মাত্র দুইবার খেতে পেয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
মর্মান্তিক এ কাহিনী চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের শোকাচ্ছন্ন করে রেখেছে।
এ ঘটনায় তাদের ‘দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য’ স্থানীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও হুজিয়াহ শহরের মেয়রকে পদ থেকে অপসারণ করা হয়েছে।
প্রতিবন্ধী এ কিশোরের পরিবার চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। মধ্যাঞ্চলীয় এ প্রদেশ থেকে চীনের অন্যান্য অঞ্চল ও কয়েক ডজন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে চারশ’র বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।
আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে। সংক্রমণ ঠেকাতে চীন নানা ধরনের ব্যবস্থাও নিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কুয়ান্টারাইন করার পর চেংয়ের বাবা সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে খাবার ও পানিবিহীন অবস্থায় প্রতিবন্ধী সন্তানকে ছেড়ে আসার কথা জানিয়ে তাকে সাহায্য করতে আবেদন জানিয়েছিলেন।
সাধারণত জন্মের অল্প কয়েক বছরের মধ্যে দেখা দেওয়া সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধিতা মানুষের চলাচল ও মস্তিষ্কের মধ্যে সমন্বয়সাধনে বিঘ্ন ঘটায়। এর লক্ষণগুলো পৃথক পৃথক ব্যক্তির জন্য ভিন্ন হতে পারে। লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, খিঁচুনি, পেশি দুর্বল হয়ে পড়া, খাবার গেলায় সমস্যা এবং দৃষ্টি, বাক ও শ্রবণজনিত সমস্যা।
দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার আগে চীনা কর্তৃপক্ষ চেংয়ের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল।
