২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে জঙ্গি হওয়া সাবেক কর্মকর্তাসহ ৩৭ জনের মৃত্যুদণ্ড

সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা থেকে জঙ্গিতে পরিণত হওয়া হিশাম আল আশমাউয়িসহ ৩৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 06:04 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

শনিবার রায় ঘোষণার পর দণ্ডিতদের মামলাগুলো মতামতের জন্য মিশরের সর্বোচ্চ ইসলামিক আইন কর্মকর্তা গ্রান্ড মুফতির কাছে পাঠানো হয়। মিশরের আইনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আগে গ্রান্ড মুফতির মতামত নেওয়ার বিধান আছে, তবে তার মতামত মানা বাধ্যতামূলক নয়; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মুফতির মতামত পাওয়ার পর দণ্ডাজ্ঞা নিশ্চিত করার জন্য আদালত ২ মার্চ পরবর্তি তারিখ নির্ধারণ করেছে।

২০১৮ সালের শেষ দিকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় দের্না শহর থেকে আশমাউয়িকে আটক করা হয়। এরপর গত বছরের মে মাসে কমান্ডার খলিফা হাফতারের অনুগত লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক কর্তৃপক্ষ আশমাউয়িকে মিশরের কাছে হস্তান্তর করে।

এক বিবৃতিতে মিশরের সামরিক বাহিনী জানিয়েছে, ২০১৪ সালে মিশরের পশ্চিমাঞ্চলীয় লিবিয়া সীমান্তে হামলা চালিয়ে সামরিক বাহিনীর ২২ রক্ষীকে হত্যার ঘটনার পরিকল্পনা ও ২০১৩ সালে মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা প্রচেষ্টাসহ বেশ কয়েকটি মামলার বিচারে আশমাউয়ি দোষী সাব্যস্ত হয়েছে।

মিশরের সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী আনসার বায়াত আল মাকদিস ২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য ঘোষণার আগ পর্যন্ত আশমাউয়ি গোষ্ঠীটিকে নেতৃত্ব দিয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। 

তার সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত অপর ৩৬ আসামীও সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হয়েছে বলে আদালতের রায়ে বলা হয়েছে।

নভেম্বরে সন্ত্রাসবাদের আরেকটি মামলায় একটি সামরিক আদালতও আশমাউয়িকে মৃত্যুদণ্ড দেয়। এর পূর্বে মিশরের কাছে হস্তান্তরের আগে দেশটির কয়েকটি বেসামরিক ও সামরিক আদালত আশমাউয়ির অনুপস্থিতিতে হওয়া বিচারে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল।