২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৪

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 01:03 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

শুক্রবার লা পাজ থেকে উত্তরের শহর কোরিপাতায় যাওয়ার পথে বাসটি খাদে পড়ে যায় বলে স্থানীয় দমকল বিভাগের প্রধান ইসমাইল ভিলসা রেডিও এরবলকে জানিয়েছেন।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দেশটিতে তিনটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলো বলে তুরস্কের বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে।

মঙ্গলবার লা পাজে মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়। দক্ষিণ পশ্চিম বলিভিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা পড়েন আরও তিনজন।

দুর্বল দৃশ্যমানতা, চালকদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অতিরিক্ত মদ্যপানের কারণে বলিভিয়ায় প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা হয় বলে দেশটির পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।

গত সপ্তাহে কেবল সড়ক দুর্ঘটনাতেই লাতিনের দেশটির ৩১ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।