দিল্লি আদালতের নির্দেশে স্থগিত নির্ভয়া ধর্ষকদের ফাঁসি
ভারতের দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া সেই নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি আবার পেছালো।শনিবার ফাঁসি হচ্ছে না বলে জানিয়েছে দিল্লির আদালত।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
শনিবার সকালেই নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসির জন্য চূড়ান্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল। গোটা ভারত ছিল অপেক্ষায়। কিন্তু শুক্রবার বিকালেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট আপাতত ফাঁসি বন্ধের ওই সিদ্ধান্ত জানায়। আইনি পথ খোলা থাকায় স্থগিত হয়ে যায় ফাঁসি।
শুক্রবারই ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্ভয়া কাণ্ডের এক অপরাধী। এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেন পবন গুপ্তা। ২০১২ সালে নির্ভয়া ধর্ষণকাণ্ডের সময় পবন নাবালক ছিলেন বলে দাবি করেছেন। এর আগে একাধিকবার নিজেকে নাবালক প্রমাণের চেষ্টা করেছেন ২৫ বছরের পবন গুপ্তা। প্রতিবারই তার দাবি খারিজ করেছে আদালত। এরপর ফের রায় খতিয়ে দেখার দাবি নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে যান পবন।
শুধু পবনই নন, আইনের ফাঁকফোকর খুঁজে চলেছে নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতই। যদিও এক অপরাধী মুকেশ সিংহর সব রাস্তাই বন্ধ হয়েছে। গত বৃহস্পতিবার আরেক দণ্ডিত অক্ষয়কুমার সিংহের ফাঁসির সাজা সংশোধনের আর্জিও খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তবু খোলা আছে রাষ্ট্রপতির কাছে আর্জি জানানোর পথ।
অন্য আরেক দণ্ডিত, বিনয় শর্মাও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছেন। এনডিটিভি জানায়, তার এ আর্জির কারণেই শুক্রবার ফাঁসির হাত থেকে আপাতত বেঁচে গেল অভিযুক্তরা। রাষ্ট্রপতি এ আবেদন খারিজ করলেও আইনত ফাঁসির জন্য অভিযুক্তদের আরও ১৪ দিন সময় পাওয়ার কথা। এভাবে চললে ১৩তম দিনে আবারও অন্য এক অভিযুক্ত প্রাণভিক্ষার আর্জি জানাবে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে প্যারামেডিক্যালের এক তরুণীকে ধর্ষণ এবং পরে হাসপাতালে তার মারা যাওয়ার ঘটনা গোটা ভারতে আলোড়ন তুলেছিল। ধর্ষকদের ছয় জনের মধ্যে একজন নাবালক হওয়ায় তিন বছর হোমে থেকে মুক্তি পেয়ে যায়। আরও একজন রাম সিং তিহাড় জেলেই আত্মহত্যা করে। বাকি চারজনের ফাঁসি নিয়েই চলছে এ টানাপোড়েন। আইনের মারপ্যাঁচে বারবার পিছিয়ে যাচ্ছে ফাঁসি।
