যাত্রীর বোমার হুমকিতে রুশ বিমানের জরুরি অবতরণ
এক নারী যাত্রীর বোমার হুমকিতে মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে রাশিয়া এয়ারলাইন্স এস৭ এর একটি বিমান।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই যাত্রী বিমানের করিডরে দাঁড়িয়ে তার কাছে বিস্ফোরক ডিভাইস থাকার কথা বলে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। যদিও পুলিশ পরে বলেছে, তার কাছে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।
বিমানটি ক্রিমিয়া উপদ্বীপের সিমফারোপোল থেকে মস্কোয় যাচ্ছিল।এস৭ এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি দামোদেদোভো বিমানবন্দরে নিরাপদে এবং অন্যান্য বিমান থেকে দূরে অবতরণ করেছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারাও দ্রুত অবতরণস্থলে পৌঁছেছেন।
বিমান অবতরণের পরপরই রাশিয়ার পুলিশ ওই নারী যাত্রীকে আটক করেছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
