২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘দীর্ঘতম’ পাচার সুড়ঙ্গের সন্ধান

মেক্সিকো সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় পাচার সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 06:30 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

বিবিসি জানায়,৪ হাজার ৩০৯ ফুট দীর্ঘ এ সুড়ঙ্গে একটি লিফট,রেললাইন,পানি নিষ্কাশন ও বাতাস চলাচল ব্যবস্থা এবং হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার রয়েছে।

এ সুড়ঙ্গপথে মেক্সিকোর তিজুয়ানা শহরের একটি শিল্প এলাকার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো এলাকার সংযোগ স্থাপিত হয়েছে।

সুড়ঙ্গটি পাচারের কাজে ব্যবহৃত হলেও সেখানে কোনো মাদক পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। সুড়ঙ্গটি নির্মাণের জন্য কাদেরকে সন্দেহ করা হচ্ছে তাও জানায়নি কর্তৃপক্ষ।

তবে সীমান্তের ওই এলাকায় তৎপর রয়েছে মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া মাদকচক্র।যুক্তরাষ্ট্র সরকার সিনালোয়াকে বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর একটি বলেই গণ্য করে।

এ চক্রের প্রতিষ্ঠাতা ও দীর্ঘকালীন প্রধান হোয়াকিন ‘এল চাপো’ গুজমান যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

গতবছর অগাস্টে সুড়ঙ্গটির সন্ধান পাওয়া গেছে। মেক্সিকোর কর্মকর্তারা এর প্রবেশপথ শনাক্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা এ সুড়ঙ্গটি মাপজোখ করেছেন। এরপর বুধবার তারা সুড়ঙ্গটি সম্পর্কে তথ্য প্রকাশ করলেন।

যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন জানায়, ভূ-পৃষ্ঠ থেকে সুড়ঙ্গটির গড় গভীরতা ৭০ ফুট (২১ মাইল)।ভেতরের দিকে সুড়ঙ্গপথটি সাড়ে পাঁচ ফুট উঁচু ও দুই ফুট চওড়া।বিশাল এ সুড়ঙ্গ তৈরিতে কতদিন লেগেছে তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রায়ই সুড়ঙ্গর সন্ধান পাওয়া গেলেও এবারেরটি সবচেয়ে দীর্ঘ। এর আগে ২০১৪ সালে সান ডিয়াগোয় ২ হাজার ৯৬৬ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল।দৈর্ঘ্যের হিসাবে যা দ্বিতীয়-বৃহত্তম সুড়ঙ্গ।