২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইবেরিয়ান উপদ্বীপে ঝড়ের তাণ্ডবে ৫ জনের মৃত্যু

স্পেন ও পর্তুগালের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি ঝড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 06:35 PM

Updated : 08 Apr 2022, 05:13 PM

এই ঝড়ের তাণ্ডবে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বন্যা ও উপড়ে পড়া গাছের কারণে কর্তৃপক্ষ বিভিন্ন সড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ঝড় এলসা আইবেরিয়ান উপদ্বীপে আঘাত হানে। বৃহস্পতিবার বিকালে এর তীব্রতা বৃদ্ধি পায়। এ সময় প্রবল ঝড়ো বাতাস বয়ে যায় ও ভারি বৃষ্টিপাত হয়। এরপর এলসার পথ ধরে দ্বিতীয় আরেকটি ঝড় ফাবিয়ান এগিয়ে আসে।  

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনের কাছে মনতিজোতে ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হন, পর্তুগালের উত্তরাঞ্চলীয় কাস্তো দায়েরিতে ঘর চাপা পড়ে আরেকটি ব্যক্তি মারা যান।

স্পেনের অস্থায়ী সরকারের এক মুখপাত্র জানান, দেশটির উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াসে ভূমিধসে এক ব্যক্তি মারা যান, গালিথিয়ায় পাথরের দেয়াল ধসে পড়ে আরেক ব্যক্তি নিহত এবং কার্সিল ও লেয়নে তৃতীয় আরেকজন বন্যার পানিতে ভেসে যান। 

স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের মধ্যে ও দক্ষিণাঞ্চলে এলাসার তাণ্ডব অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং উত্তরে ফাবিয়ান ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে ও ওই উপকূলে ৩০ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের কারণ হতে পারে।