২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ও ৫জি নিয়ে ইউরোপের সম্মিলিত অবস্থান চান মের্কেল

চীন ও ৫জি মোবাইল নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে ইউরোপের দেশগুলোকে একটি সম্মিলিত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2019, 04:13 PM

Updated : 08 Apr 2022, 05:08 PM

বুধবার জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের নিম্নকক্ষের বাজেট অধিবেশনে সাংসদদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতে পারে, যুক্তরাষ্ট্রের এমন হুঁশিয়ারিতে উদ্বিগ্ন জার্মানির বেশ কিছু সাংসদ ৫জি নেটওয়ার্কের চুক্তি থেকে হুয়াওয়েকে বাইরে রাখতে চাইলেও তাতে মের্কেলের সাড়া পাওয়া যায়নি।

জার্মান এ চ্যান্সেলর বলছেন, সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে চুক্তির বাইরে রাখার চেয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধনই লক্ষ্য হওয়া উচিত।    

“সবচেয়ে বড় বিপদ হচ্ছে, ইউরোপের দেশগুলো আলাদা আলাদাভাবে চীন বিষয়ক নীতি নিতে পারে, যা তাদেরকে মিশ্র সংকেত দেবে। এটা কেবল চীনের জন্য নয়, ইউরোপের জন্যও সর্বনাশা ব্যাপার হবে,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্র হুয়াওয়ের বিরুদ্ধে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে এলেও চীনা এ টেলিকম জায়ান্ট শুরু থেকেই তা অস্বীকার করে আসছে।

বুন্ডেসটাগের নিম্নকক্ষে দেওয়া বক্তৃতায় মের্কেল বলেছেন, চীন ও ৫জি নিয়ে সম্মিলিত অবস্থানে প্রথমে জার্মানি ও ফ্রান্সের একমত হওয়া দরকার; এরপর তা থেকে ইউরোপের জন্য একটি সমাধানে পৌছানো সম্ভব হতে পারে।

হুয়াওয়ে নিয়ে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেনি; তারা তাদের ৫জি চুক্তিতে চীনা টেলিকম জায়ান্ট প্রতিষ্ঠানটিকে রাখলেও সম্ভাব্য যে কোনো নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে যন্ত্রাংশ উৎপাদনকারীদের সঙ্গে চুক্তি বাতিলের ক্ষমতা নিজেদের হাতে রেখেছে বলে সোমবার ফ্রান্সের একজন মন্ত্রী জানিয়েছেন।

“৫জির বিস্তৃতির ক্ষেত্রে অত্যাধুনিক নিরাপত্তা সুরক্ষার প্রয়োজনীয়তা সকল বিতর্কের ঊর্ধ্বে। এ নিরাপত্তা যেমন আমাদের নিজেদের জন্য নিশ্চিত করতে হবে, তেমনি তা নিয়ে ইউরোপের অন্যান্য অংশীদারদের সঙ্গেও আলোচনা করতে হবে,” বলেছেন মের্কেল।

চীনের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক আছে জার্মানির এমন সব টেলিকম অপারেটরই হুয়াওয়ের ক্রেতা। চীনা টেলিকম জায়ান্টটিকে চুক্তির বাইরে রাখলে জার্মানিতে ৫জি চালুর কার্যক্রম পিছিয়ে যাবে বলেও সরকারকে সতর্ক করেছে কোম্পানিগুলো।