২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের নির্বাচন থেকে ‘দূরে থাকতে’ ট্রাম্পকে অনুরোধ জনসনের

সামরিক জোট নেটোর সম্মেলনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কিছু না বললেই ‘ভালো করবেন’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2019, 03:06 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

শুক্রবার এলবিসি রেডিওর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিত্র দেশ যুক্তরাজ্যের নির্বাচন ও ব্রেক্সিট পরিস্থিতি নিয়ে প্রায়ই ট্রাম্পকে কথা বলতে দেখা গেছে। নির্বাচন নিয়ে ডামাডোলের মধ্যে অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডিসেম্বরের নির্বাচনে তার পছন্দের প্রার্থী কে, তা জানাতে ভুল করেননি।

তিনি সেসময় বলেছিলেন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্যের জন্য ‘খুবই খারাপ’ হবে। নির্বাচনে জিততে জনসনকে ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজের সঙ্গে জোট করারও পরামর্শ দিয়েছিলেন এ রিপাবলিকান।

নেটো সম্মেলনে এসে ট্রাম্প এ ধরনের কিছু বলে টোরিদের বিপদে ফেলতে পারেন বলেও আশঙ্কা অনেক কনজারভেটিভ নেতার।

“ভালো মিত্র ও বন্ধু হিসেবে সাধারণত যা আমরা করি না, প্রথাগতভাবেই আমরা একে অপরের নির্বাচনী প্রচারণায় যুক্ত হই না,” বলেছেন ৫৫ বছর বয়সী জনসন।

মার্কিন প্রশাসনের এব জ্যেষ্ঠ কর্মকর্তা অবশ্য শুক্রবারই ট্রাম্প যুক্তরাজ্যের নির্বাচন থেকে সযতনে ‘দূরে থাকবেন’ বলে আশ্বস্ত করেছেন।

“তিনি (ট্রাম্প) অন্য দেশের নির্বাচন সংক্রান্ত বিষয়ে জড়িত না হওয়ার ব্যাপারে পুরোপুরি সচেতন,” ভাষ্য ওই কর্মকর্তার।