২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীবিদ্বেষী মন্তব্যের জন্য লাইভ অনুষ্ঠানে জনসনকে তুলোধুনো

সিঙ্গেল মাদারদের সন্তান গড়ে তোলা নিয়ে ২৫ বছর আগে লেখা এক বিরূপ মন্তব্যের জেরে একটি রেডিওর লাইভ অনুষ্ঠানে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2019, 10:11 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

‘দ্য মিরর’ পত্রিকা জানায়, রুথ নামের এক সিঙ্গেল মাদার এলবিসি রেডিওর লাইভ অনুষ্ঠানে তুলোধুনো করেছেন জনসনকে। ১৯৯৫ সালে জনসন ‘দ্য স্পেকটেটর’ সাময়িকীতে এক কলামে সিঙ্গেল মাদারদের সন্তান গড়ে তোলা নিয়ে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ রুথের।

বরিস জনসন তখনো রাজনীতিতে আসেননি। তখন সাংবাদিকতাই ছিল তার পেশা। জনসন লিখেছিলেন, সিঙ্গেল মায়েদের সন্তানরা আগ্রাসী এবং অজ্ঞ হয়ে বেড়ে ওঠে। এভাবে সিঙ্গেল মায়েরা অবৈধ, নির্বোধ, আগ্রাসী ও অসুস্থভাবে বেড়ে ওঠা একটি প্রজন্ম গড়ে তুলছে।

সম্প্রতি প্রকাশ্যে আসা এ বক্তব্য ব্রিটেনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লাইভ অনুষ্ঠানে জনসনকে একক মা রুথ বলেন, “আপনি সিঙ্গেল মাদার, তাদের পরিবার নিয়ে যে মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছি না।”

রুথ আরো বলেন, “আপনি যেখানে নিজের পরিবার নিয়ে আলোচনায় আগ্রহী না সেখানে মানুষের সমালোচনা করে কি সুখ পান?”

বরিস জনসন সাধারণত তার ছেলে-মেয়ে কজন বা পরিবার নিয়ে কখনওই আলোচনা করতে আগ্রহবোধ করেন না।

তখন ওল্ডহ্যামের এই অধিবাসী রুথকে জনসন জবাব দেন, আমি আপনাকে বা কাউকে অসম্মান করতে একথা বলিনি। আমার বক্তব্য বিকৃত আকারে এসেছে।

জনসন বলেন, ওই কথাটি ২৫ বছর আগের। তখনো তিনি রাজনীতিতে আসেননি।