২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পকে ‘থ্যাংকসগিভিং ডে’র বার্তা

উত্তর কোরিয়া স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘থ্যাংকসগিভিং ডে’র বার্তা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2019, 05:33 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

থমকে থাকা নিরস্ত্রীকরণ আলোচনায় নমনীয়তা দেখাতে যুক্তরাষ্ট্রকে বছরের শেষ অবধি সময়সীমা দিয়েছে উত্তর কোরিয়া- ‘থ্যাংসগিভিং ডে’ তে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে সেকথাই ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দিয়েছে পিয়ংইয়ং।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে’র বিশেষ দিবস পালনের সময়ই উত্তর কোরিয়া তাদের দেশের পূর্ব উপকূলের সাগরে দুটো স্বল্প পাল্লার প্রজেক্টাইল ছুড়ে পরীক্ষা চালায়।

এটি উত্তর কোরিয়ার নতুন ‘সুপার-লার্জ মাল্টিপল রকেট-লাঞ্চার’ এর চতুর্থ পরীক্ষা বলে এক সংবাদ ব্রিফিংয়ে জানায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। তাদের হিসাবমতে, নতুন স্বল্প পাল্লার কেএন-২৫ ক্ষেপণাস্ত্র দুটো ৯৭ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩৮০ কিলোমিটার (২৩৬ মাইল) পথ অতিক্রম করেছে।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্টীয় গণমাধ্যম জানিয়েছে, নেতা কিম জং উন এ পরীক্ষা “খুবই সন্তুষ্ট।” বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্র দুটি দক্ষিণ কোরিয়া এবং ওই এলাকায় অবস্থানরত মার্কিন বাহিনীর জন্য সরাসরি হুমকি।

উত্তর কোরিয়া গত অগাস্ট এবং সেপ্টেম্বরে প্রথম তাদের স্বল্পপাল্লার কেএন-২৫ পরীক্ষা করে। সে সময় দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সময়ের ব্যবধান ছিল ১৭ এবং ১৯ মিনিট। অক্টোবরের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তারা সময়ের ব্যবধান তিন মিনিটে নামিয়ে আনে। এবার বৃহস্পতিবারের পরীক্ষায় তারা দুটো ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান কমিয়ে এনেছে প্রায় ৩০ সেকেন্ডে।

উত্তর কোরিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদনে যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়ায় দু’দেশের মধ্যকার পরমাণু আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে এবং উত্তর কোরিয়া একের পর এক এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।

গত মাসে দুই দেশের মধ্যকার আলোচনা ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়া আবার আলোচনা শুরু করতে এ বছরের শেষ নাগাদ সময় বেঁধে দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আন্তঃকোরিয়া বিষয়ক পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার উত্তর কোরিয়াকে এভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তেজনা না বাড়ানো এবং আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।