সৌদি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের
সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত ও এর দুই পাইলটকে হত্যার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
শুক্রবার সৌদি আরব-ইয়েমেন সীমান্তের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে ওই হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়, বলেছে ইরানঘনিষ্ঠ এ সশস্ত্র গোষ্ঠীটি।
এ বিষয়ে রিয়াদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এটি পুরোপুরি ভস্মীভূত হওয়ায় ভেতরে থাকা দুই চালকও মারা গেছেন,” টুইটারে বলেছেন হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া আসিরি।
