২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুর সমর্থনে হাজারো ইসরায়েলির সমাবেশ

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে রাজনীতিতে টিকে থাকার গুরুতর হুমকির মুখে পড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থনে সমাবেশ করেছে কয়েক হাজার ইসরায়েলি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2019, 08:59 PM

Updated : 25 Jul 2022, 08:20 PM

মঙ্গলবার ‘অভ্যুত্থান বন্ধ হোক’ ব্যানার নিয়ে ইসরায়েলিরা এ সমাবেশ করে। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি যতটা আশা করেছিল ততবেশি লোকসমাগম এ সমাবেশে হয়নি। দলেরও মাত্র কয়েকজন ঊর্ধ্বতন আইনপ্রণেতা এবং কেবিনেট মন্ত্রী এতে অংশ নেন।

ইসরায়েলি গণমাধ্যম নেতানিয়াহুপন্থি এ সমাবেশে ২ থেকে ৩ হাজার মানুষ যোগ দিয়েছে বলে জানিয়েছে। তবে লিকুদ পার্টির দাবি, সমাবেশে ১৫ হাজার মানুষ যোগ দিয়েছে।

গত ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। নেতানিয়াহু  এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগের তদন্তকে অভ্যুত্থানের চেষ্টা আখ্যা দিয়েছেন।

মঙ্গলবারের সমাবেশে অংশ নেওয়া কেউ কেউ বলেছেন, আইনি সংস্থার লক্ষ্য হচ্ছে নির্বাচিত প্রধানমন্ত্রীর পতন ঘটানো। লিকুদ পার্টির এক আইনপ্রণেতা বলেছেন, বিচার ব্যবস্থা বামপন্থি ষড়যন্ত্রের অংশ হিসাবেই কাজ করছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তার পক্ষে সংবাদ প্রচারের জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে বিশেষ রাষ্ট্রীয় সুবিধা বা লাখ লাখ ডলারের উপহার দিয়েছেন বা দিতে চেয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এসব অভিযোগের মুখোমুখি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে ইসরায়েলের সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। আর জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে।

পুরনো খবর:

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ