২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত

মালিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 05:49 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

যা ফ্রান্সের কয়েক দশকের ইতিহাসে সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনায় পরিণত হয়েছে।

সোমবার ঘটা ওই দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি।

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

এক টুইটে তিনি লেখেন, “এই ১৩ জন বীরের একমাত্র লক্ষ্য ছিল আমাদের সুরক্ষা দেওয়া।

“তাদের স্বজন এবং সহকর্মীদের বেদনায় আমার মাথা নত হয়ে আসছে।”

নিহতদের মধ্যে ছয়জন সেনা কর্মকর্তা এবং একজন মাস্টার কর্পোরাল রয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ইসলামপন্থি জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর জঙ্গি দমনে ২০১৩ সালে পশ্চিম আফ্রিকার দেশটিতে সেনা মোতায়েন করে ফ্রান্স।

বর্তমানে ওই অঞ্চলটি মালির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও জঙ্গি হামলা অব্যাহত থাকায় সেখানে জনজীবনে কোনো নিরাপত্তা নেই। দেশের অন্যান্য অঞ্চলেও দিন দিন জঙ্গি হামলা বাড়ছে।

২০১৩ সালের পর এখন পর্যন্ত মালিতে দায়িত্বরত অবস্থায় ফ্রান্সের ৩৮ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।