ট্রাম্পের আর্থিক লেনদেনের তথ্য কংগ্রেসকে দেয়ার রায়ে স্থগিতাদেশ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য প্রতিনিধি পরিষদের তদারকি কমিটিকে দিতে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
হিসাব ব্যবস্থাপক প্রতিষ্ঠান মাজার্স এলএলপিকে ট্রাম্পের লেনদেন সংক্রান্ত নথি দিতে পরোয়ানা জারি করেছিল হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্রেট নেতৃত্বাধীন ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটি।
তা নিয়ে মামলায় নিম্ন আদালত কংগ্রেসের পক্ষে অবস্থান নিলেও সোমবার সুপ্রিম কোর্টের আদেশে তা আটকে গেল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সর্বোচ্চ আদালত এ মামলায় ট্রাম্পের আপিল আবেদন শুনবে কি না, সে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত মাজার্সকে তদারকি কমিটির পরোয়ানা মানতে হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে ট্রাম্পের হাতে ৫ ডিসেম্বর পর্যন্ত সময় আছে।
সুপ্রিম কোর্টের এ স্থগিতাদেশের পর সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের আপিল আবেদন গ্রহণ করতে যাচ্ছেন বলেই অনুমান করা হচ্ছে; যদিও এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিচারকদের হাতে।
ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আপিল আদালতে গত মাসে প্রতিনিধি পরিষদের পক্ষে দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন করলেও ১৩ নভেম্বর সেখানকার বিচারকরা তা খারিজ করে দেন।
নিউ ইয়র্কের কৌঁসুলিদের কাছে তার ৮ বছরের আয়কর বিবরণী হস্তান্তরে মাজার্সকে নির্দেশ দেয়া নিম্ন আদালতের অন্য একটি রায়ের বিরুদ্ধে আপিল শুনতেও মার্কিন প্রেসিডেন্ট গত ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন।
প্রতিনিধি পরিষদের তদারকি কমিটি মাজার্সের কাছে ঠিক কী ধরনের লেনদেনের নথি চেয়েছে তা স্পষ্ট নয়।
কমিটির চাওয়া নথিগুলোর মধ্যে সুস্পষ্ট করে প্রেসিডেন্টের আয়কর বিবরণী কথা উল্লেখ নেই বলে ট্রাম্পের আইনজীবীরা নিশ্চিত করেছেন।
কংগ্রেসের এ ওভারসাইট কমিটি মূলত করদাতাদের অর্থের অপচয়, জালিয়াতি কিংবা অপব্যবহার হচ্ছে কিনা তার তদারকি করে। এ সংক্রান্ত আইনগুলোতে কোনো সংস্কার প্রয়োজন কিনা তারও পরামর্শ দেয় তারা।
ট্রাম্পের আর্থিক লেনদেনের নথি চাওয়া প্রসঙ্গেও হাউস অব রিপ্রেজেন্টেটিভের এ তদারকি কমিটি বলছে, প্রেসিডেন্টের লেনদেন ও সম্পদ ব্যবস্থাপনা আইন অনুযায়ী হচ্ছে কিনা, কিংবা এ সংক্রান্ত আইনগুলো বদলানোর দরকার আছে কিনা তা খতিয়ে দেখতেই তারা মাজার্সের কাছে ওই নথি চেয়েছেন।
অন্যদিকে ট্রাম্পের আইনজীবীদের ভাষ্য, রিপাবলিকান প্রেসিডেন্টকে হয়রানি করতেই ডেমোক্রেট নেতৃত্বাধীন কংগ্রেস কমিটির এ পদক্ষেপ। তদারকি কমিটির পরোয়ানাকে ‘অবৈধ’ হিসেবেও অভিহিত করেছেন তারা।
