হংকংয়ে স্থানীয় পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের স্থানীয় পরিষদ নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ভোট দিয়েছে মোট নিবন্ধিত ভোটারের ৬৬ দশমিক ৫ শতাংশ।
বিবিসি জানায়, রোববার দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে যে পরিমাণ ভোটার উপস্থিতি দেখা গেছে তাতে তখনই ২০১৫ সালের মোট ভোটের সংখ্যা ছাড়িয়ে গেছে।
চীন বিরোধী আন্দোলনের কারণে গত পাঁচ মাস ধরে হংকংয়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এ নির্বাচনের মাধ্যমে বেইজিংয়ের সরকারকে একটি বার্তা দেওয়া যাবে বলে আশা করছে আন্দোলনকারীরা। এ নির্বাচন হংকংয়ের চীনপন্থি প্রধাননির্বাহী ক্যারি লামের জন্যও অগ্নিপরীক্ষা।
গণ্ডগোল শুরু হলে কর্তৃপক্ষ ভোটকেন্দ্র বন্ধ করে দিতে পারে এ আশঙ্কায় রোববার সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্র লম্বা লাইন ধরে ভোট দিতে থাকেন।
এ বছর হংকংয়ে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৪১ লাখ। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। হংকংয়ের মোট জনসংখ্যা প্রায় ৭৪ লাখ। অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেকের বেশি ভোটার।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ২৭ লাখের বেশি মানুষ ভোট দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। যা সরকারি হিসাবমতে, মোট নিবন্ধিত ভোটারের ৬৬ দশমিক ৫ শতাংশ। ২০১৫ সালে একই সময়ে ভোট পড়েছিল মাত্র ৪০ দশমিক ২৫ শতাংশ।
গত নির্বাচনে সবমিলিয়ে ভোট দিয়েছিল ১৪ লাখ ৬৭ হাজার ভোটার এবং মোট নিবন্ধিত ভোটার ছিল ৩১ লাখ। গণতন্ত্রপন্থিদের আশা এবার নতুন পরিষদে তাদের প্রতিনিধিত্ব বাড়বে। হংকংয়ের প্রধাননির্বাহী নিয়োগে স্থানীয় পরিষদের প্রভাব আছে।
স্থানীয় পরিষদে মোট ৪৫২ আসনের জন্য এবার ১১০৪ জন লড়াই করছেন। আরও ২৭টি আসন গ্রামীণ এলাকার প্রতিনিধিদের জন্য বরাদ্দ। এবার প্রথমবারের মতো সব আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
কাউন্সিলরা স্থানীয় পরিষদের কিছু ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রিসাইকেলিং, পরিবহন ও গণস্বাস্থ্যের মতো এলাকার স্বার্থ বিষয়ক বহু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
হংকংয়ের বর্তমান স্থানীয় পরিষদে বেইজিংপন্থিদের সংখ্যাগরিষ্ঠতা আছে।
