কেনিয়ায় ‘অস্বাভাবিক’ ভারি বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৩৬
কেনিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনায় সাত শিশুসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।
শনিবার কেনিয়ার ওই অঞ্চলের স্থানীয় এক গভর্নর এ খবর দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
শুক্রবার উগান্ডা সীমান্তের নিকটবর্তী পশ্চিম পোকোট কাউন্টিতে বৃষ্টিপাত শুরু হয়। রাতে ভারি বৃষ্টিপাতে পরিস্থিতি নাজুক হয়ে ওঠে। বন্যা দেখা দেয় ও ভূমিধস শুরু হয়।
প্রবল পানির তোড় ও ভূমিধসের কারণে চারটি সেতু ভেসে যায়। এতে ওই এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম মুইনো বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পশ্চিম পোকোট কাউন্টির গভর্নর জন লোনিয়াঙ্গাপুয়ো টেলিফোনে রয়টার্সকে বলেছেন, “বহু লোক পানিবন্দি হয়ে পড়েছে। পুরো গ্রামটি (মুইনো) বন্যার তোড়ে ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।”
ক্ষয়ক্ষতি দেখতে হেলিকপ্টারে করে দুর্গত এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার আগে এসব কথা বলেন তিনি।
ওই এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে আছে এবং এলাকাটিতে উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নেওয়ার হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে এক ঘরের ১১ জন লোক রয়েছেন বলেও জানিয়েছেন লোনিয়াঙ্গাপুয়ো।
উষ্ণ হতে থাকা মহাসাগরগুলো পূর্ব আফ্রিকায় অপ্রত্যাশিত আবহাওয়া বিন্যাসের কারণ হচ্ছে বলে গবেষকেরা সতর্ক করেছেন।
চলতি মাসের প্রথমদিকে ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, পুরো পূবর্ আফ্রিকাজুড়ে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে ৫০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
কেনিয়া বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে ভারি বৃষ্টিপাত প্রত্যক্ষ করছে বলে দেশটির আবহাওয়া বিভাগ নভেম্বরের প্রথমদিকে জানিয়েছিল।
