গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তার জেল
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষীসাব্যস্ত করে সিআইএর সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালত শুক্রবার ৫৫ বছরের জেরি চুয়ান শিংকে এই সাজা দেয়।
জেরি ২০০৭ সালে সিআইএ’র চাকরি ছেড়ে হংকং চলে যান। সেখানে কয়েক বছর পর ২০১০ সালে দুই চীনা গোয়েন্দা তার সঙ্গে সাক্ষাৎ করে সিআইএতে থাকার সময় জেরি যেসব তথ্য জেনেছেন সেগুলো দিতে বলেন। বিনিময়ে তাকে এক লাখ মার্কিন ডলার নগদ এবং ‘আজীবন দেখভাল’ করার প্রস্তাব দেওয়া হয়।
২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জেরির ব্যাংক একাউন্টে নিয়মিত হাজার হাজার ডলার জমা পড়ে।
এক বিবৃতিতে ইস্টার্ন ডিসট্রিক্ট অব ভার্জিনিয়ার অ্যাটোর্নি বলেন, “জাতীয় নিরাপত্তা তথ্য প্রকাশ না করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটির প্রতি সম্মান না জানিয়ে এবং নিজের দায়িত্ব পালনে অটুট থাকার পরিবর্তে তিনি নিজের দেশকে বিক্রি করে দিয়েছেন, তিনি বিদেশি সরকারের গুপ্তচর হয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছেন। এতকিছু করার পর তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি বারবার মিথ্যাচারও করেছেন।”
আদালতের দেওয়া তথ্যানুযায়ী ২০১২ সালের অগাস্টে এফবিআইর কর্মকর্তারা হাওয়াইতে জেরির হোটেলকক্ষে তল্লাশি চালিয়ে ঠিকানা লেখা একটি বই এবং একটি দৈনিক কাজের তালিকা রাখা ডাইরি খুঁজে পায়। ওই ডাইরিতে ২০০৪ সালের আগে সিআইএর গোয়েন্দা থাকার সময় তিনি যেসব কাজ করেছেন তার হাতেলেখা তালিকা ছিল।
ওই ডাইরিতে পাওয়া গোয়েন্দা তথ্যগুলো অত্যন্ত সংবেদনশীল ছিল। কারণ সেখানে সিআইএর সম্পদ, কর্মপরিকল্পনার জন্য বৈঠকের স্থান, ফোন নম্বর এবং গোপন আস্তানার বিস্তারিত তথ্য ছিল।
কিন্তু এফবিআই জেরিকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন তিনি এসব নিয়ে মিথ্য কথা বলেছিলেন।
গত মে মাসে আদালত জেরিকে দোষীসাব্যস্ত করে। গত কয়েক মাসে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক যে তিনজন গোয়েন্দা কর্মকর্তার দীর্ঘমেয়াদে কারাদণ্ড হয়েছে জেরি তাদের একজন।
অন্য দুইজন হলেন কেভিন ম্যালোরি (২০ বছরের কারাদণ্ড) এবং রন রকওয়েল (১০ বছরের কারাদণ্ড)।
