হেলিকপ্টার চুক্তি সইয়ে গড়িমসি করছে ভারত: রাশিয়া
রাশিয়া থেকে ১৪০টি হেলিকপ্টার কেনার বিষয়ে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করার পর এখন ভারত এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছে রাশান হেলিকপ্টারস।
রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি ‘রোসটেক’ এর মালিকানাধীন ‘রাশান হেলিকপ্টারস’ এর প্রধান নির্বাহী অ্যান্ড্রি বোগিনস্কি বলেন, ওই চুক্তি চূড়ান্ত হলে ভারতই লাভবান হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে ২০১৫ সালে ভারত ও রাশিয়া হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনা চূড়ান্ত করে।
তখন বলা হয়েছিল, ভারত রাশিয়ার কাছ থেকে মোট ১৪০টি হেলিকপ্টার নেবে। তার মধ্যে রাশিয়া প্রথমে ৬০টি হেলিকপ্টার ডেলিভারি দেবে এবং বাকিগুলোর যন্ত্রাংশের যোগান দেবে, সেগুলো ভারতে এসেম্বল হবে।
দুবাই এয়ার শোতে বোগিনস্কি বলেন, “আমরা সফলভাবে কাজ অনেকটাই এগিয়ে নিয়েছিলাম এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সব তথ্য পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের তরফ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না বা তাদের দ্রুত সাড়া দেওয়ার কোনো লক্ষণও নেই।
“কেন তারা বিলম্ব করছে সেটা আমরা বুঝতে পারছি না।”
ভারতের নৌবাহিনীর জন্য হেলিকপ্টারগুলো কেনার কথা।
রাশিয়া যে পরিমাণ হেলিকপ্টার বিক্রি করে তার ৩০-৩৫ শতাংশ বেসামরিক। বাকি পুরোটাই সামরিক হেলিকপ্টার।
