২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

 নতুন করে নির্বাচন ডাকবেন বলিভিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা গত মাসের ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস নতুন করে নির্বাচনের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 10:56 PM

Updated : 08 Apr 2022, 05:00 PM

২০০৬ সালে প্রথমবার বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন মোরালেস। তারপর থেকে টানা ক্ষমতায় থাকা এই নেতা গত মাসের নির্বাচনেও জয়ী হন। লাতিন আমেরিকার ইতিহাসে তিনিই সবচেয়ে বেশিদিন ধরে ক্ষমতায় আছেন।

কিন্তু সর্বশেষ নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়াকে কেন্দ্র করে বিরোধীরা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ফল ঘোষণার পর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, ধর্মঘট ও সড়ক অবরোধ করে রেখেছে।

তার মধ্যেই অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) নির্বাচনের ফল বাতিল করার আহ্বান জানায়।

শনিবার প্রকাশিত ওএএস’র প্রাথমিক প্রতিবেদনে ২০ অক্টোবরের ভোটে ‘জালিয়াতির স্পষ্ট প্রমাণ পাওয়ার’ কথা জানানো হয় বলে জানায় বিবিসি।

যদিও মোরালেস নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি এবং সরকার প্রধান হিসেবে কোনো দুর্নীতি করার অভিযোগ অস্বীকার করে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থার চাপের মুখে নতিস্বীকার করে মোরালেস রোববার নতুন নির্বাচন ডাকবেন বলে জানিয়েছেন।

তিনি একইসঙ্গে পুরো নির্বাচন কমিশন পরিবর্তনের কথাও জানান। দেশটির পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিয়োগ দেয়।

মোরালেস বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট।

‘সব ধরণের উদ্বেগ হ্রাসে’ তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান।

মোরালেস বলেন, “আমরা সবাই বলিভিয়ায় শান্তির পরিবেশ বজায় রাখতে বাধ্য। এটা আমাদের দায়িত্ব।”