অস্ট্রেলিয়ায় দাবানলে ২ জনের মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সেখানে দুই জনের মৃত্যু এবং সাত জন নিখোঁজ থাকার খবর জানা গেছে।
বিবিসি জানায়, অস্ট্রেলিয়া সরকার শুক্রবারই জরুরি দাবানল সতর্কতা জারি করেছে।
নিউ সাউথ ওয়েলসে দাবানলে দেড়শতাধিক বাড়িঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেক জায়গায় সেতু, স্কুল ও বিদ্যুতের লাইন আগুনে ধ্বংস হয়ে গেছে।
আগামী কয়েকদিনে আগুনে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন নিউ সাউথ ওয়েলসের গভর্নর গ্লাডিস বেরেসিকলিয়ান।
যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারা গ্লেন ইন্স এর বাসিন্দা ছিলেন।
কয়েকটি জায়গায় দাবানলের ভেতর লোকজন নিজ বাড়িতে আটকা পড়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু আগুন এত শক্তিশালী রূপ নিয়েছে যে তাদের বাঁচাতে দাবানলের ভেতর প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
খরাপীড়িত নিউ সাউথ ওয়েলসের ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা এবং এলোমেলো দমকা হাওয়া আগুনকে আরো উস্কে দিচ্ছে।
দাবানলের কারণে ব্লু মাউন্টেইনস থেকে শুরু করে কুইসল্যান্ড সীমান্ত পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে ‘জরুরি সতর্কতা’ জারি করেছে নিউ সাউথ ওয়েলস এর রুরাল ফায়ার সার্ভিস।
খালি হয়ে গেছে অনেক শহর। কুইন্সল্যান্ডে হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচে বাস করছে। নিরাপত্তাজনিত কারণে এখনই তাদের বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না।
তবে আশার কথা, তাপমাত্রা কমতে শুরু করেছে। বাতাসে জলীয়বাষ্পের পারিমাণও বাড়ছে। সেইসঙ্গে হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনী।
