২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে ছুরি হামলায় আহত ৪, আক্রমণকারীর কামড়ে একজনের কান বিচ্ছিন্ন

হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত ৪ জন আহত হওয়া ছাড়াও আক্রমণকারীর কামড়ে  একজনের কান বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 07:51 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

তাই কু এলাকায় সিটি প্লাজা শপিং মলের কাছে এ ঘটনা ঘটেছে বলে রোববার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চার পুরুষ ও এক নারী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে রাজনৈতিক বিষয় নিয়ে বচসার পর চীনা ম্যান্ডারিন-ভাষী এক ব্যক্তি ছুরি বের করে হামলা চালাতে শুরু করে।

চারজনকে ছুরিকাঘাতের পর হামলাকারী কামড়ে স্থানীয় এক গণতন্ত্রপন্থী রাজনীতিবিদের কান কেটে নেয়। তিনি ওই হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিলেন।

ঘটনাস্থলের ছবিতে আহতদেরকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় এবং একটি ছুরিও পড়ে থাকতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা হামলাকারীর ওপর চড়াও হয়ে তাকেও মারধর করেছে এবং তাকে গেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে খবরে।

হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থি বিক্ষোভে রোববার বিভিন্ন স্থানের মধ্যে সিটিপ্লাজা শপিং সেন্টার এলাকাতেও জড়ো হয় বিক্ষোভকারীরা।

চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাস থেকে হংকংয়ে এ আন্দোলন-বিক্ষোভ শুরু হয়।

টানা বিক্ষোভের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা আত্মনিয়ন্ত্রণাধিকারের আরো অনেক দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

সিটিপ্লাজায় কি ঘটেছে?

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার সন্ধ্যায় সিটিপ্লাজায় রাজনৈতিক মতবিরোধ থেকে ওই ছুরি হামলার ঘটনা ঘটে।

গণতন্ত্রপন্থি বিক্ষোভের বিরোধীপক্ষ থেকে এ হামলা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

আহতদের মধ্যে আছেন স্থানীয় কাউন্সিলর এন্ড্রু চিউ কা-ইন। তিনি হামলাকারীকে পালাতে বাধা দেওয়ার চেষ্টা করলে সে কামড়ে তার কান কেটে নেয় বলে জানা গেছে।

আহত আরেক নারীর উদ্ধৃতি দিয়ে ‘দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট’ পত্রিকা জানিয়েছে, তার বোন এবং স্বামীর সঙ্গে বচসার পর হামলাকারী ছুরি বের করে হামলা চালায়। এতে তারাও আহত হয়েছে।

হংকং ফ্রি প্রেস পত্রিকা জানিয়েছে, হামলাকারী একজন বেইজিংপন্থি সমর্থক। হামলার ঘটনার পর পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করেছে।