সিরিয়ার তেল আবিয়াদ শহরে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৩
তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর তেল আবিয়াদে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
তুরস্কের গণমাধ্যম ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্যানুযায়ী শহরটির একটি বাজারে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীগুলোর বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের প্রথমদিকে সিরিয়ার যে দুটি সীমান্ত শহর তুর্কি অভিযানের লক্ষ্য ছিল তেল আবিয়াদ তার মধ্যে একটি।
এই গাড়ি বোমা হামলাকে ‘অমানবিক আক্রমণ’ বলে বর্ণনা করে এর জন্য সিরিয়ার কুর্দি ওয়াইপিজি বাহিনী ও তুরস্কভিত্তিক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) দায়ী করেছে তুরস্ক সরকার।
বিস্ফোরণে হতাহতদের মধ্যে তুরস্কপন্থি সিরীয় বিদ্রোহী ও বেসামরিকরা রয়েছেন বলে অবজারভেটরি জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, তেল আবিয়াদের কেন্দ্রস্থলে বাজার এলাকায় একটি ‘বোমা বোঝাই গাড়ি’ বিস্ফোরিত হয়ে ১৩ জন নিহত হয়।
গত মাসে তুরস্কের সামরিক অভিযানের সময় এই শহরটিতে তাদের সঙ্গে ওয়াইপিজি গেরিলাদের প্রচণ্ড লড়াই হয়েছিল।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “খুনে পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসীদের অমানবিক হামলার নিন্দা জানাচ্ছি আমরা। তারা তেল আবিয়াদের নিরপরাধ বেসামরিকদের ওপর আক্রমণ চালিয়েছে। অপারেটিং পিস স্প্রিংয়ের পর ওই বেসামরিকরা তাদের বাড়ি ও ভূমিতে ফিরে এসেছিল।”
এ বিষয়ে ওয়াইপিজির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মন্তব্য জানার জন্য তাৎক্ষণিকভাবে তাদের কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
তুরস্কের পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে তুরস্ক ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে তৎপর পিকেকের সঙ্গে মিত্রতার কারণে আঙ্কারা ওয়াইপিজিকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
