ফারাজের সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিলেন জনসন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ নাইজেল ফারাজের পরামর্শ সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট পার্টির সঙ্গে তার দলের নির্বাচনী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
কনজারভেটিভ পার্টির এ নেতা বলেছেন, তিনি পরামর্শের জন্য ‘সর্বদা কৃতজ্ঞ’ থাকলেও কোনো ধরনের নির্বাচনী চুক্তি করবেন না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বিরোথী লেবার পার্টির নেতার সমালোচনা করে বলেছেন, টোরিদের ছাড়া অন্য যে কোনো দলকে ভোট দেওয়ার অর্থই হচ্ছে জেরেমি করবিনের প্রধানমন্ত্রীত্বের পথ সুগম করা।
“অন্য যে কোনো দলের সঙ্গে চুক্তি করার বিপদ হচ্ছে তা করবিনের ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রবেশের ঝুঁকি বাড়িয়ে দেবে,” বলেছেন তিনি।
ফারাজে এবং জনসন মিলে এক ‘অদশ্য শক্তি’ হতে পারেন, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী এসব বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
জনসনের কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটের সূত্রগুলোও কনজারভেটিভ এবং ব্রেক্সিট পার্টির একসঙ্গে কাজ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে।
করবিন প্রধানমন্ত্রী হলে তিনি ব্রেক্সিট ঝুলিয়ে দিতে পারেন বলেও আশঙ্কা এ টোরি নেতার।
“তার (করবিন) পরিকল্পনা হচ্ছে মূলত ব্রেক্সিটকে আরও অনিশ্চিত ও দেরি করিয়ে দেওয়া,” বলেছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট কার্যকরের সময়সীমা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হওয়ার পর আগামী ১২ ডিসেম্বর যুক্তরাজ্যের জনগণ নতুন সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে।
এবারের ভোটে জনসনের ব্রেক্সিট চুক্তি নিয়ে জনরায় বোঝা যাবে বলে ধারণা পর্যবেক্ষকদের।
নাইজেল ফারাজের এলবিসি শো-তে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তির সমালোচনা করেছিলেন। ব্রেক্সিট পার্টির শীর্ষ নেতা ফারাজ ও জনসন একসঙ্গে ‘অসাধারণ কিছু’ অর্জন করতে পারবেন বলেও পরামর্শ দেন তিনি।
ফারাজে পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তার করা ব্রেক্সিট চুক্তি থেকে সরে এসে ‘বিচ্ছেদ জোটে’ শামিল হওয়ার আহ্বান জানান; অন্যথায় ডিসেম্বরের নির্বাচনে ব্রেক্সিট পার্টি প্রতিটি আসনেই টোরিদের বিপক্ষে প্রার্থী দেবে বলেও সতর্ক করেছেন তিনি।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেছেন, লেবাররা সরকার গড়লে তা ‘ভয়াবহ দুর্যোগ’ সৃষ্টি করবে বলেও ধারণা তার।
“করবিনের সরকার প্রথমে নতুন একটি চুক্তি নিয়ে ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সঙ্গে দেনদরবার করবে এবং পরে আরেকটি গণভোট ডাকবে। সেই দুঃস্বপ্নের ভেতর দিয়ে ফের কেন যাওয়া,” প্রশ্ন তার।
