শরিয়া আইন তৈরিকারীই প্রকাশ্যে সাজা পেলেন পরকীয়ার জন্য
ইন্দোনেশিয়ায় আচেহ উলামা কাউন্সিলের (এমপিইউ) সদস্য মুখলিস বিন মোহাম্মদকে বিবাহিত নারীর সঙ্গে সম্পর্কের জন্য প্রকাশ্যে ২৮বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।
আচেহ প্রদেশে ব্যাভিচার-বিরোধী কঠোর শরিয়া আইন তৈরি ও কার্যকরে ভূমিকা রাখে এমপিইউ। মুখলিসকে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে বৃহস্পতিবার।
তাকে এ সংগঠন থেকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন আচি বেসার এলাকার ডেপুটি মেয়র হুসাইনি ওয়াহাব।
বিবিসি’কে ওয়াহাব বলেন, “এটি আল্লাহর আইন। দোষী প্রমাণিত হলে সবাইকেই বেতের বাড়ি খেতে হবে। সে এমপিইউ সদস্য হলেও রেহাই নেই।”
পর্যটকদের আনাগোনা রয়েছে এমন একটি সৈকতের কাছে এক গাড়িতে গত সেপ্টেম্বরে কর্মকর্তারা ধরে ফেলেন পরকীয়ায় লিপ্ত এ জুটিকে। মুখলিসের সঙ্গে সম্পর্ক থাকা ওই নারীকেও ২৩ বার বেত্রাঘাত করা হয়েছে।
৪৬ বছর বয়সী মুখলিস একজন ধর্মীয় নেতাও। ২০০৫ সালে আচেহতে শরিয়া আইন কার্যকর হওয়ার পর তিনিই প্রথম ধর্মীয় নেতা যাকে বেত্রাঘাত করা হল।
ইন্দোনেশিয়ায় রক্ষণশীল আচেহ প্রদেশেই একমাত্র কঠোর ইসলামিক শরিয়া আইন কার্যকর রয়েছে। শুধু পরকীয়া বা ব্যাভিচারই নয়, সমকাম আর জুয়ার জন্যও আচেহতে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়।
আচেহ উলেমা কাউন্সিল (এমপিইউ) স্থানীয় সরকার এবং বিচার বিভাগকে শরিয়া আইন তৈরি এবং তা বাস্তবায়নে নানা পরামর্শ দিয়ে থাকে।
নিজস্বভাবে এ আইন চালুর জন্য এক দশকেরও বেশি সময় আগে বিশেষ অধিকার পেয়েছে আচেহ। এ আইনের আওতায় জুয়া খেলা, মদ তৈরী, বিক্রি ও পান করাও শাস্তিযোগ্য অপরাধ।
